
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় ভোটের মুখেবড় খবর। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। বাংলায় কয়লা কেলেঙ্কারি মামলায় ভিনেশকে গ্রেফতার করল ইডি। আগামিকাল তাঁকে আদালতে পেশ করা হবে।
ইডির তরফে বলা হয়েছে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে(PMLA) গ্রেফতার করা হয়েছে আইপ্যাক কর্তাকে। চান্ডেলের বাড়ি, শাপাশি আই-প্যাকের আরেক সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ঋষি রাজ সিংয়ের বেঙ্গালুরুর বাড়ি এবং প্রাক্তন আম আদমি পার্টির (AAP) যোগাযোগ প্রধান বিজয় নায়ারের মুম্বইয়ের বাড়িতে ২ এপ্রিল ইডি (ED) তল্লাশি চালায়। সেই তল্লাশিতে বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়।
উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৮ জানুয়ারি এই মামলার তদন্তে কলকাতায় আইপ্যাকের অফিস এবং সংস্থার প্রতিষ্ঠাতা ও অন্যতম পরিচালক প্রতীক জৈনের কলকাতার বাড়িতে তল্লাশি চালায়। এর পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ঘিরে বিতর্ক তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ছুটে যান আইপ্যাকের অফিসে। সেখান থেকে কিছু ফাইল তুলে আনেন। এনিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে।
ইডির এই মামলা শুরু হয়েছে ২০২০ সালের নভেম্বর মাসে সিবিআই (CBI) দায়ের করা একটি এফআইআর থেকে। ওই অভিযোগে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কুনুস্তোরিয়া ও কাজোরা এলাকায়, আসানসোলের আশেপাশে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের খনি ঘিরে বহু কোটি টাকার কয়লা চুরির কেলেঙ্কারি হয়েছে। ইডির দাবি কয়লা পাচারের ২০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাকে গিয়েছে। সেই মামলার সূত্র ধরেই মানি লন্ডারিং আইনে মামলা রুজুর করে তদন্ত চলছিল।
(Feed Source: zeenews.com)
