Shane Warne Death Reason: ওয়ার্নের মৃত্যুরহস্যে বিস্ফোরক তথ্য সামনে, ‘কোভিড ভ্যাকসিনেই হার্ট অ্যাটাক’, ছেলের মন্তব্যে তোলপাড়

Shane Warne Death Reason: ওয়ার্নের মৃত্যুরহস্যে বিস্ফোরক তথ্য সামনে, ‘কোভিড ভ্যাকসিনেই হার্ট অ্যাটাক’, ছেলের মন্তব্যে তোলপাড়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যু আজও অনেকের কাছে রহস্যে মোড়া (Shane Warne Death Mystrey)। ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে ছুটি কাটানোর সময়ে, ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন স্পিন জাদুকর। থাই পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে কোনও অস্বাভাবিকতার উল্লেখও নেই। ওয়ার্নের মৃত্যুর চার বছর বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এল ওয়ার্নপুত্র।  ‘কোভিড ভ্যাকসিনেই বাবার হার্ট অ্যাটাক’! এমনই মনে করেন জ্যাকসন ওয়ার্ন। এর পরেই বিতর্কের ঝড় উঠে গিয়েছে।

পডকাস্টে বিস্ফোরক জ্যাকসন ওয়ার্ন 

‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ পডকাস্টে এসেছিলেন জ্যাকসন । তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে বাবার মৃত্যুর সঙ্গে কোভিড টিকার সম্পর্ক রয়েছে। আমার মনে হয় না যে, এখন আর এমনটা বললে আর কোনও বিতর্ক হবে। বাবার আগে থেকে শারীরিক সমস্যা থাকলেও, আমার ধারণা কোভিডের টিকাই সেই সমস্যাগুলিকে একেবারে প্রকট করে তুলেছিল। আর ঠিক এই বিষয়টি নিয়েই আমি সবসময় মানসিক দ্বন্দ্বে ভুগেছি।’ জ্যাকসন জানান যে, তাঁর বাবার মৃত্যুর খবর শোনার পর প্রথম প্রতিক্রিয়াই ছিল অস্বাভাবিক কোনও কারণেই এই ঘটনা! তাঁর সংযোজন, ‘ফোনটা রাখার সঙ্গে সঙ্গেই বাবার মৃত্যুর জন্য় আমি সঙ্গে সঙ্গে সরকারের দিকে আঙুল তুলেছিলাম। আমি কোভিড আর ভ্যাকসিনকেই দায়ী করেছিলাম।’ জ্যাকসন জানিয়েছেন যে, বাবার স্মরণসভায় তিনি নিজেকে সংযত রেখেছিলেন, যাতে এই চিন্তাগুলির কথা তিনি প্রকাশ্যে না বলে ফেলেন। তিনি পডকাস্টে বলেন, ‘সম্ভবত আমি এই নিয়ে কিছু না বলাটাই ঠিক করেছিলাম। বললে আজ হয়তো আমি সম্পূর্ণ ভিন্ন অবস্থানে থাকতাম। কিন্তু তখন আমার অনুভূতি এমনই ছিল। আগে অনেক মানুষই কোভিড টিকা নেওয়ায় হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। আমার মনে হয় বাবা তিন বা চারটি ভ্যাকসিন নিয়েছিলেন। উনি নিতে চাইতেন না, কাজের জন্য তাঁকেও সবার মতো তাকেও বাধ্য করা হয়েছিল’

জ্যাকসনের জমা রাগ রয়েছে

জ্যাকসন এর সঙ্গে স্বীকার করেন, যে এই ধরনের চিন্তায় ডুবে থাকা তাঁর জন্য কঠিন হয়ে উঠেছিল। তিনি এই বিষয়ে আরও বলেন, ‘আমি চেষ্টা করি এই সব নিয়ে বেশি না ভাবতে, কারণ তাতে শুধু রাগই জমতে থাকে। আর সেই রাগ কারও জন্যই ভালো নয়।’ বাবার জীবনযাত্রা সম্পর্কে কিছুটা ধারণা দিতে গিয়ে জ্যাকসন জানান, মৃত্যুর আগে ওয়ার্ন বেশ ভালো অবস্থাতেই ছিলেন। ‘বাবা তখন সুস্থ ছিলেন, তিনি খুশিও ছিলেন। অনেকদিনের মধ্যে তাঁকে সবচেয়ে ভালো দেখাচ্ছিল। হ্যাঁ, তিনি ধূমপান আর মদ্যপান করতেন, কিন্তু ৮০-৯০ বছরের অনেক মানুষ আছেন, যাঁরা বাবার থেকেও অনেক বেশি ধূমপান ও মদ্যপান করেন।’ মৃত্যুর কয়েক মাস আগে, ২০২১ সালে ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’-এ কোচিং করার সময় ওয়ার্ন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁর আকস্মিক মৃত্যুর সময় বড় কোনও অসুস্থতার কথা জানা যায়নি। কোভিড ভাইরাসে আক্রান্ত হলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ৩-৮ গুণ এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা ৩-৭ গুণ বেড়ে যেতে পারে। তবে এই টিকা সেই ঝুঁকি কমাতে সাহায্য করে। এমনটাই জানিয়েছে সমীক্ষা।

(Feed Source: zeenews.com)