জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিশুদের জীবনের সঙ্গে চরম ছেলেখেলা। এক সিরিঞ্জেই একের পর এক শিশুকে ইনজেকশন। আর তাতে HIV-তে আক্রান্ত ৩৩১ শিশু। তদন্তে এমনই ভয়াবহ ছবি ধরা পড়ল পাকিস্তানের হাসপাতালে।
তদন্তে পাকিস্তানের THQ হাসপাতাল তউনসাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের মারাত্মক ঘটনা সামনে এসেছে। সেখানে হাসপাতালের কর্মীদের শিশুদের উপর একই সিরিঞ্জ বার বার ব্যবহার করতে দেখা যায়। এই বিপজ্জনক ঘটনার ফলে HIV সংক্রমণের শিকার হয়েছে ৩৩১ জন শিশু। এক শিশুর মর্মান্তিক মৃত্যুর পরই গোটা কেলেঙ্কারির পর্দাফাঁস হয়।
মহম্মদ আমিন নামে ৮ বছরের এক শিশু HIV পজিটিভ ধরা পড়ার কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। তার মা জানান, শেষ দিনগুলোতে তার তীব্র জ্বর ও অসহ্য যন্ত্রণা ছিল। এর কিছুদিন পর তার বোন আসমাও HIV পজিটিভ ধরা পড়ে। পরিবার দাবি করে, সরকারি হাসপাতালে চিকিৎসার সময় দূষিত ইনজেকশন থেকেই এই সংক্রমণ হয়েছে।
কীভাবে বিষয়টি সামনে আসে?
২০২৪ সালের শেষদিকে স্থানীয় চিকিৎসক ড. গুল কোয়েসরানি লক্ষ্য করেন যে শিশুদের মধ্যে HIV সংক্রমণের হার অস্বাভাবিক রকমভাবে বাড়ছে। এরপরই বিষয়টি তদন্তের আওতায় আসে। তদন্তে দেখা যায় ৩৩১ শিশুর HIV সংক্রমণ হয়েছে। নভেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫-এর মধ্যে অন্তত ৩৩১ জন শিশু HIV পজিটিভ ধরা পড়ে। সংক্রমণের বড় কারণ হিসেবে উঠে এসেছে অসুরক্ষিত ইনজেকশন পদ্ধতি। একই সিরিঞ্জের পুনর্ব্যবহার।
তদন্তে কী দেখা গেছে?
তদন্তে দেখা গিয়েছে, একই সিরিঞ্জ বহুবার ব্যবহার করা হচ্ছে। বহু ডোজের ওষুধের ভায়ালে ব্যবহৃত সিরিঞ্জ শিশুদের শরীরে ঢোকানো হচ্ছে। একই ভায়াল থেকে একাধিক শিশুকে ওষুধ দেওয়া হচ্ছে। ব্যবহৃত সিরিঞ্জে থাকা তরল আবার ব্যবহার করা হচ্ছে। চিকিৎসাকর্মীরা অনেক সময় গ্লাভস ছাড়াই ইনজেকশন দিচ্ছেন। এমনকি ব্যবহৃত সূচ ও মেডিক্যাল বর্জ্যও সঠিকভাবে ফেলা হচ্ছে না।
হাসপাতালের প্রতিক্রিয়া
যদিও হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ড. কোয়াসিম বুজদার এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে এই ভিডিও ফুটেজটি বানানো হয়ে থাকতে পারে। অথবা তার দায়িত্ব নেওয়ার আগের ঘটনা। তাঁর হাসপাতাল নিরাপদ এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা হয়।
(Feed Source: zeenews.com)
