
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2026) অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে থাকা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) লাগাম টেনে ধরল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। মরসুমের প্রথম চার ম্যাচই জিতেছে রিয়ান পরাগের টিম। গত ১৩ এপ্রিল উপলে ঈশান কিষানের (Ishan Kishan) সানইরাইজার্স ২১৬/৬ রান করেছিল। তা তাড়া করে রাজস্থান ১৫৯ রানে জিতে যায়। ৫৭ রানের হারেই লেখা হয় রাজস্থানের মরসুমের প্রথম পরাজয়।
প্রফুল-সাকিবের জোড়া ফলা: বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ও যশস্বী জয়সওয়ালদের (Yashasvi Jaiswal) ‘নাইটমেয়ার’ হয়ে থাকলেন দুই অনামী অভিষেককারী- প্রফুল হিঙ্গে (Praful Hinge) ও সাকিব হুসেন (Sakib Hussain)। ম্যাচের আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট ভক্তরা জানতেন না এই দুই নাম। তবে আইপিএলের ইতিহাস বলছে যে, এই মঞ্চ অনামীকে রাতারাতি লাইমলাইটে নিয়ে আসে। আর প্রফুল-সাকিবের সঙ্গে ঠিক এমনটাই ঘটল। প্রফুল ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন। সাকিবের সমসংখ্যক উইকেট ২৪ রানের বিনিময়ে। বৈভব, ধ্রুব জুরেল, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও রিয়ানকে ডাগআউটে ফিরিয়েছেন প্রফুল। ট্রাভিস হেডের জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা সাকিবের শিকার যশস্বী, ডোনোভান ফেরেইরা, জোফ্রা আর্চার এবং রবি বিষ্ণোই। প্রফুল-সাকিবের জোড়া ফলায় এসেছে ৮ উইকেট। প্রথম ওভারে তিন উইকেট নিয়ে আইপিএল ইতিহাস লেখা প্রফুলই হয়েছেন ম্যাচের সেরা। তবে চার উইকেট নেওয়া সাকিবকে নিয়েও এখন জোর চর্চা। আর তাঁর পরিবারের কঠিন লড়াই শুনে চোখে জল এসেছে নেটপাড়ার।
ছেলের জুতো কিনতে মায়ের গয়না বিক্রি: এক ইন্টারভিউতে সাকিব বলছেন, ‘আমি বিহারের গোপালগঞ্জের ছেলে। পটনা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে। আমাদের সেভাবে কিছুই ছিল না। আমরা কৃষক। বাবা চাষবাস করতেন। কিন্তু এরপরেই হাঁটুতে সমস্য়া দেখা যায়। তখনই আমি বাবাকে বলি তোমাকে আর কাজ করতে হবে না। আর খেলার কথা যদি বলেন, তাহলে বলব যে, ১০-১৫ হাজার টাকা দাম একটা ঠিকঠাক বোলিং স্পাইক জুতোর। ১০০০০ দিয়ে জুতো কিনলে খাব কী? আমি কাঁদতে কাঁদতে মাকে বলেছিলাম, আমার তো জুতো নেই, খেলব কী করে?’ এই প্রসঙ্গে সাকিবের মা সুবুকতারা খাতুন বলেন,’ছেলের জুতো কেনার টাকা না থাকায় আমি গয়না বিক্রি করে তা কিনে দিই।’ সাকিবের বাবা আলি আহমেদ হুসেইন বলছেন, ‘আমি বাড়ির একমাত্র রোজগেরে ছিলাম। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে একবেলার খাবার জোটাতেও আমাদের ভাবতে হত। আমাদের বাড়ির কাছের একটা মাঠে ও সকালে দৌড়তে যেত। ওকে দেখে কিছু স্থানীয় কোচেরাই বলেছিল ছেলেকে ক্রিকেট খেলা শেখাতে। অনেকের মতোই, হুসেনের ক্রিকেট জীবনও শুরু হয়েছিল টেনিস বল দিয়ে। ক্রিকেট খেলে রোজগার করার জন্য তিনি দূরদূরান্তে ভ্রমণ করতেন। সাকিব বলেন, ‘আমি টেনিস-বল ক্রিকেট খেলতাম, ৫০০, ৬০০, ৭০০ টাকা রোজগার করতাম, আর কখনও কখনও প্রায় ১৫০ কিলোমিটার দূরে খেলতে গেলে ২০০০ টাকাও পেতাম। সেখান থেকেই আমি ঠিক করি, আমাকে ক্রিকেটকেই পেশা হিসেবে নিতে হবে। ‘ সাকিবের সেই ভিডিয়ো ফেসবুকে শেয়ার করেছেন নভজোত্ সিং সিধুও। প্রাক্তন তারকা বলছেন সাকিব বাকিদের অনুপ্রেরণা।
সাকিব সেনায় যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি তাঁকে খেপ খেলতেই বাধ্য করে। বিহারের ২১ বছর বয়সী ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার সাকিব। যিনি ২০২৪ ও ২০২৫ মরসুমে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে ছিলেন। যদিও ২০২৪ সালে দলের শিরোপা জয়ী অভিযানেও তিনি শাহরুখের দলের সদস্য ছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজির হয়ে কখনও এক ম্যাচ খেলার সুযোগ পাননি। ৩০ লাখ টাকায় সানরাইজার্সে সই করেই চমকে দিয়েছেন সাকিব
(Feed Source: zeenews.com)
