
ঋত্বিকের এই পোস্টে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে৷ এভাবে কোনও সিরিয়াস ইস্যুতে তিনি বারবার কৌতুকের মোড়কে বিঁধতে পারেন৷ এর জন্য তাঁর পোস্টগুলো অত্যন্ত নজরকাড়া৷ এবারও তার অন্যথা হল না৷
আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার গৌরবোজ্জ্বল সংস্কৃতি এবং বাংলা ইতিহাসকে হাতিয়ার করে ভোট ময়দানে প্রচার করছেন বিজেপি নেতা-মন্ত্রীরা৷ অনেক সময় বাংলা ভাষা বা উচ্চারণ করতে গিয়ে চলে আসছে হিন্দি ভাষার প্রভাব বা কখনও ভুল নাম বলে বিভ্রান্তি তৈরি হচ্ছে৷ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের প্রচারে এমনই ভুল ধরা পড়ল৷ সোমবার বোলপুরের জনসভায় শান্তিনিকেতন ও বাংলার সংস্কৃতি নিয়ে বক্তৃতা করতে গিয়ে রবীন্দ্রসঙ্গীতকে ‘রবিশঙ্কর’ বলে বসেন তিনি। এখানেই শেষ নয়, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে গিয়েও তিনি বলে ফেলেন, ‘স্বর্গীয় শ্রী তারাচন্দ্র বন্দোপাধ্যায়।’ ফলে বিজেপি কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীর এই ‘শব্দ বিভ্রাট’ নিয়ে নেটপাড়ায় শুরু হয় জোর চর্চা৷ নানা দিক থেকে উঠে আসে কটাক্ষা ও বিদ্রুপ৷
এর আগে বিজেপির সংকল্প পত্র প্রকাশ কর্মসূচিতেও তিনি একটি নাম ভুল বলেছিলেন৷ রানি রাসমণিকে ‘রানি রাসমতী’ উচ্চারণ করেছিলেন আমিত শাহ। ফলে বাংলার মাটিয়ে ভুল বাংলা বলে কতটা বাঙালি অস্মিতা রক্ষা করছে পদ্মশিবির, এই নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ এবার শাহী উচ্চারণ নিয়ে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও কটাক্ষ করেছেন অমিত শাহকে৷
নিজের সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক এই নিয়ে বারবারই সাহসী পোস্ট করেন৷ তবে সেই পোস্টগুলো থাকে ব্যাঙ্গাত্মক৷ এবারও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অমিত শাহকে ঠুকলেন অভিনেতা৷ তিনি লিখেছেন, ‘দেখলাম, ভাই অমিত বলে একজন মন্ত্রী রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, সাহানা বাজপেয়ীকে নিয়ে কী একটা জোক বলতে গিয়ে পুরো লেবড়ে গিয়েছে।’
ঋত্বিকের এই পোস্টে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে৷ এভাবে কোনও সিরিয়াস ইস্যুতে তিনি বারবার কৌতুকের মোড়কে বিঁধতে পারেন৷ এর জন্য তাঁর পোস্টগুলো অত্যন্ত নজরকাড়া৷ এবারও তার অন্যথা হল না৷
শুধু ঋত্বিকই নন, বিষয়টি নিয়ে আসরে নামতে দেরি করেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডল-এ ভিডিয়োটি পোস্ট করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, ‘পণ্ডিত রবিশঙ্কর একজন কিংবদন্তি সেতার বাদক, আর রবীন্দ্রসঙ্গীত বাঙালির আবেগের জায়গা। অমিত শাহ বাংলার মানুষের মন জয় করতে এসে এই দু’টি বিষয়কে গুলিয়ে ফেলেছেন। যাঁরা বাংলার সংস্কৃতিই জানেন না, তারা সোনার বাংলা গড়বেন কী ভাবে?’
(Feed Source: news18.com)
