
মুম্বই: বিশ্বের অন্য়তম সেরা বোলার তিনি। ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই প্রতিপক্ষ ব্যাটারদের কাছে রীতিমত ত্রাস। অথচ সেই জসপ্রীত বুমরাই (Jasprit Bumrah) না কি আইপিএলে এখনও পর্যন্ত গত পাঁচ ম্য়াচে কোনও উইকেটই তুলতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের চলতি আইপিএলে এখনও পর্যন্ত নিজেদের পাঁচ ম্য়াচে মাত্র একটি জয় ছিনিয়ে নিতে পেরেছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ের পর থেকে হারই সঙ্গী। তার ওপর দলের প্রধান পেস অস্ত্র দিনের পর দিন উইকেট তুলতে পারছেন না। তাহলে কি বুমরা আর ঘাতক হয়ে উঠতে পারছেন না ব্যাটারদের সামনে?
পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে ৪১ রান খরচ করলেও একটি উইকেটও পাননি। এমনকী তিনি আক্রমণে এলেই যেন শ্রেয়স আইয়ার ও প্রভসিমরণ সিংহ চালিয়ে খেলছিলেন। এত কিছুর পরও মুম্বই ইন্ডিয়ান্সের হেডকোচ মাহেলা জয়বর্ধনে অবশ্য মনে করেন না যে বুমরা খারাপ সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছেন। তবে কেন তিনি উইকেট পাচ্ছেন না, তার একটা উত্তর তিনি দিয়েছেন। পঞ্জাব ম্য়াচের পর মাহেলা বলছেন, ”আমি মনে করি বুমরা বোলিংটা ভালই করছে। তবে আমরা পাওয়ার প্লে-তে চাপ তৈরি করতে পারছি না। প্রতিপক্ষ ব্য়াটাররা জানে যে বুমরার বিরুদ্ধে বেশি ঝুঁকি নেওয়ার দরকার নেই। তাই ওকে একটু দেখে খেলার চেষ্টা করছে। তার জন্য়ই হয়ত বুমরা এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও উইকেট পাননি।তবে আমাদের ভাবতে হবে।”
এখনও পর্যন্ত চলতি আইপিএলে পাঁচ ম্য়াচ পরে বুমরা যে পারফর্ম করছে তাতে দেখা যাচ্ছে যে তিনি ওভার পিছু রান দিয়েছেন ৮.৬৩। মোট ১৬৪ রান খরচ করেছেন। যা কোনওমতেই বুমরার সঙ্গে যায় না। এর আগে ২০২৪ সালে শেষবার এমনটা হয়েছিল যে বুমরা চারটি ম্য়াচে টানা উইকেট পাননি। কিন্তু এবার তাকেও টেক্কা দিয়ে দিলেন ডানহাতি পেসার।
২০১৩ সালে এই টুর্নামেন্টে অভিষেক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নিজের আইপিএল কেরিয়ারে ১৫০ ম্য়াচে ১৮৩ উইকেট ঝুলিতে পুরেছেন বুমরা। ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন দু’বার। অন্য়দিকে ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৩ বার। তবে চলতি আইপিএলে দলের সঙ্গে তাঁর নিজের পারফরম্য়ান্সও একেবারেই ভাল নয় বুমরার। এই পরিস্থিতিতে কবে ছন্দে ফিরবেন ডানহাতি পেসার, তা এখন লাখ টাকার প্রশ্ন।
(Feed Source: abplive.com)
