Jeetu-Payel Conflict: গাছতলায় ফেলে গেছে প্রয়াত রাহুলের ছবি, জীতুর বিরুদ্ধে ক্ষোভ পায়েলের: জবাবে অভিনেতা লেখেন

Jeetu-Payel Conflict: গাছতলায় ফেলে গেছে প্রয়াত রাহুলের ছবি, জীতুর বিরুদ্ধে ক্ষোভ পায়েলের: জবাবে অভিনেতা লেখেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টালিগঞ্জ স্টুডিও পাড়ায় শিল্পীদের নিরাপত্তা এবং অধিকার নিয়ে লড়াই নতুন কিছু নয়। কিন্তু সেই প্রতিবাদের ভাষা যদি হয় প্রয়াত কোনো সহকর্মীকে ঘিরে, তবে বিতর্ক দানা বাঁধাই স্বাভাবিক। সম্প্রতি অভিনেতা জীতু কমলের একটি প্রতিবাদের ধরনকে কেন্দ্র করে কার্যত দ্বিধাবিভক্ত টলিপাড়া। নিজের এবং প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মালা পরিয়ে আর্টিস্ট ফোরামের সামনে প্রতিবাদ জানিয়েছিলেন জীতু। কিন্তু সেই প্রতিবাদের শেষ পরিণতি নিয়েই এখন রণক্ষেত্র সোশ্যাল মিডিয়া।

জীতু কমলের এই প্রতিবাদকে শুরু থেকেই অনেকে ‘পাবলিসিটি গিমিক’ হিসেবে দেখেছিলেন। কিন্তু বিতর্ক চরম রূপ নেয় অভিনেত্রী পায়েল দের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পর। নাম না করেই পায়েলের অভিযোগ, প্রতিবাদের কাজ মিটে যাওয়ার পর জীতু নাকি রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবিটি টেকনিশিয়ান স্টুডিওর এক গাছতলায় ধুলোবালির মধ্যে ফেলে রেখে চলে আসেন। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে রাহুলের বিপরীতে ‘রাজনন্দিনী’র চরিত্রে অভিনয় করা পায়েল এই অমর্যাদা মেনে নিতে পারেননি। তিনি জানান, অভিনেতা যীশু সেনগুপ্ত এবং ইন্দ্রাশিস রায় সেই পড়ে থাকা ছবিগুলো সযত্নে তুলে এনে ফোরামের অফিসে জমা দেন।

অভিনেত্রী লেখেন, “দাদা গো… তোমার এই ছবিটাই মালা পরানো হয়েছিল। ওটা টেকনিশিয়ানদের গাছতলাতেই পড়ে ছিল… যীশু দা আর ইন্দ্রাশিস সেটা আপাতত ফোরামের অফিসে রেখে দিয়েছে। খুব যত্ন করে রাখা আছে… ফোরামের অফিসে। বলছি, উনি কি নিজের ছবির সাথে রাহুল দার ছবিটা নিতে ভুলে গিয়েছিলেন? না, একটু জানতে ইচ্ছে হলো… আর্টিস্ট ফোরামের একজন কর্মী আর রাহুলদার বোন হিসেবে”।

এত চাপের মুখেও নিজের অবস্থানে অনড় ‘অপরাজিত’ খ্যাত অভিনেতা। জীতুর দাবি, তিনি ইচ্ছে করেই ছবিগুলো ফেলে আসেননি, বরং একটি নির্দিষ্ট জায়গায় রেখে এসেছিলেন যাতে ফোরামের কর্তাদের তাঁর অভিযোগের কথা বারবার মনে পড়ে। তিনি পাল্টা বলেন, নিশ্চয়ই ওপরতলার কোনো ইনস্ট্রাকশন আছে, তাই হঠাৎ করে এত কথা উঠছে। তাঁর মতে, কোনো প্রযোজক অভিযোগ করলে ফোরাম দ্রুত ব্যবস্থা নেয়, কিন্তু শিল্পীদের ক্ষেত্রে তা হয় না।

জীতু লেখেন, “আমি, আমার আর রাহুলদার ছবিটা রেখে এসেছিলাম। কারণ আমি জানি মৃত মানুষের ছবি ফোরামের চোখে আগে পরে আর আমার ছবিটা রেখে এসেছিলাম যাতে আমার কমপ্লেনের কথাটা আপনাদের মনে থাকে। তাই জন্যেই আর্টিস্ট ফোরামের অফিসের নিচেই রেখে এসেছিলাম। দুদিন পরও আমি টেকনিশিয়ানে যাই, আমি কিন্তু ছবিটা আর্টিস্ট ফোরামে দেখিনি,ইলেকট্রিক বক্স এর ওপর থাকতে দেখি। তা আজ হঠাৎ কথাটা তুললেন,নিশ্চয়ই আপনাদের ইন্সট্রাকশন আছে। করুন, বলুন অসুবিধা নেই। চোখ তো একদিন নিশ্চয়ই খুলবে আপনারও। আর আপনার মত আক্রমণ যে আরো আসবে সেটা আমি জানতামই, আগেই বলেছি। করুন, তাতেও অসুবিধা নেই। আমি আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আপনিই ঠিক, আমার কমপ্লেন দেওয়াটা ভুল। কখনও কোনও প্রোডিউসার কমপ্লেন দিলে, দিনের দিন ডেকে পাঠাবেন কেমন,ভর্ৎসনা করার জন্য”। অভিনেতা ফের লেখেন, “আপনি প্রতিবাদী,শিক্ষিতা এবং সম্মানের যোগ্য।আমার প্রতিবাদ যদি আপনাকে কোনভাবে ব্যথা দিয়ে থাকে,আমি ব্যক্তিগত ভাবে আপনার কাছে ক্ষমাপ্রার্থী”।

(Feed Source: zeenews.com)