)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় ভোটের আঁচ এবার জাতীয় রাজনীতিতে। একযোগে এবার বিজেপিকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে।
বাংলায় ভোটে যখন সম্মুখ-সমরে কংগ্রেস ও তৃণমূল, তখন মমতার সুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মল্লিকার্জু খাড়গে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এখন বিজেপির পার্টি অফিসের বর্ধিত অংশে পরিণত হয়েছে। সিবিআই , ইডি এবং আয়কর দপ্তরকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। কংগ্রেস সভাপতির দাবি, ১৮ এপ্রিল জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন খোদ মোদীই।
এদিকে বাংলায় ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরেও। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ২ লক্ষেরও বেশি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মোতায়েন করেছে। অথচ যখন মণিপুর জ্বলছিল, তখন সেখানে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য মাত্র ৩০,০০০ সিআরপিএফ ছিল’। প্রশ্ন তুলেছেন, ‘ভোটের দিন ভোটারদের থেকে নিরাপত্তা বাহিনীই বেশি থাকবে। ভোটাররা কীভাবে নির্ভয়ে এসে ভোট দেবেন? নিরাপত্তা বাহিনী কি ভোটারদের মনে নিরাপত্তা নাকি ভীতি সঞ্চার করতে মোতায়েন করা হয়েছে’?
উদ্ধবের আরও বক্তব্য, ‘কোনও রাজ্যে কখনও এমন পরিবেশ দেখিনি। বোঝাই যাচ্ছে, যেকোনও উপায়ে ভোটে জেতাই বিজেপির একমাত্র উদ্দেশ্য। গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার প্রতি বিজেপির আস্থা নেই’। তাঁর অভিযোগ, ‘নির্বাচন কমিশন ও অন্যান্য সংস্থার সহায়তায় বিজেপি কারচুপি করছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে না’। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হারেন, তবে তার কৃতিত্ব কে নেবে—প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নাকি কেন্দ্রীয় সংস্থাগুলো যারা বিজেপিকে সাহায্য করছে’? তাঁর সাফ কথা, ‘পশ্চিমবঙ্গে একা বাঘিনীর মতো লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের উচিত তাঁকে ভোট জয়ী করা’।
(Feed Source: zeenews.com)
