
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani, Chairman of Reliance Industries) বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের। ৯৫.১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি। আম্বানির পরিবার তাঁদের ব্যবসায়িক দূরদৃষ্টির জন্যই পরিচিত নয়, গ্র্যান্ড পার্টি থ্রো করা থেকে বাড়িতে প্রস্তুত বিশেষ সব খাবারের জন্যও সুপরিচিত। আম্বানি পরিবারের সকল সদস্যই ভোজনরসিক এবং তাঁরা নিরামিষাশী। প্রতিদিন অত্যন্ত যত্নসহকারে পুষ্টিকর-সুগন্ধি-সুস্বাদু খাবার তৈরি করা হয়। অ্যান্টিলিয়ায় তৈরি প্রতিটি পদেই দেওয়া হয় বিশেষ মনোযোগ। এই প্রতিবেদনে আম্বানির বাড়ির প্রতিদিনের খাবারের তালিকা, তাঁর শেফের মাসিক বেতন জানানো হল। পাশাপাশি জানুন ম্বানিদের বাড়িতে প্রতিদিন কেন ৪০০০ রুটি হয়?
আম্বানি পরিবারের প্রিয় খাবারগুলি কী কী? আম্বানিদের সবাই একেবারে সাধারণ খাবারই বেশি পছন্দ করেন। মুকেশ এবং নীতা-সহ পুরো পরিবারই কঠোরভাবে নিরামিষাশী। ফলে তাঁদের বাড়িতে সাত্ত্বিক ও পুষ্টিকর খাবারই তৈরি হয়। সকালে ঘুম থেকে ওঠার পর, মুকেশ আম্বানি সাধারণত প্রাতরাশে পেঁপের রস এবং ইডলি-সাম্বার খেয়ে থাকেন। একই ভাবে, নীতাও ফলের রসের পাশাপাশি ফলমূল ও ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করেন। দুপুরের খাবারে সাধারণত ডাল, ভাত, সবজি, রুটি, স্যুপ এবং সালাদ থাকে। ডাল গুজরাতি শৈলীতেই রান্না করা হয়। রাতের খাবারের জন্য আম্বানি পরিবার হালকা ও পুষ্টিকর খাবার বেছে নেন—যেমন: নাচনি বা বাজরার রুটি, গুজরাটি ধাঁচের সবজি এবং সালাদ।
অ্যান্টিলিয়ায় প্রতিদিন কেন ৪০০০ রুটি তৈরি হয়? নীতা ফিটনেস এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ নজর রাখেন। সুষম জীবনধারা বজায় রাখার লক্ষ্যে আম্বানি পরিবার মাসে মাত্র একবারই জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খান। সপ্তাহে একবার তাঁরা বাড়িতেই সেভপুরীর মতো খাবারও উপভোগ করেন, যা মুকেশের অত্যন্ত প্রিয়। অবাক করার মতো বিষয় হল, আম্বানিদের বাড়িতে প্রতিদিন প্রায় ৪০০০ রুটি তৈরি করা হয়। এই রুটিগুলি বাড়ির প্রায় ৬০০ জন কর্মীর জন্য তৈরি হয়। যাঁদের মধ্যে রয়েছেন সাফাইকর্মী, নিরাপত্তা রক্ষী, ড্রাইভার, রাঁধুনি, টেকনিশিয়ান এবং ব্যক্তিগত সহকারীরা। বাড়ির সকল কর্মীকে পুষ্টিকর খাবার পরিবেশন করেন আম্বানি। মুকেশের বাড়িতে একটি রুটি তৈরির যন্ত্র বা চাপাটি-মেকিং মেশিন রয়েছে, যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই ১০০ রুটি তৈরি করতে পারে। তবে খাবারের গুণমান ও স্বাদ অটুট রাখার লক্ষ্যে সেখানে একজন দক্ষ শেফও রয়েছেন। যাঁর মাসিক বেতন লক্ষাধিক টাকার উপর।
(Feed Source: zeenews.com)
