‘কেক খাব না’, সচিনের জন্মদিনে হঠাৎ কেন এমন বললেন ‘মাস্টার ব্লাস্টার’-পুত্র অর্জুন তেন্ডুলকর?

‘কেক খাব না’, সচিনের জন্মদিনে হঠাৎ কেন এমন বললেন ‘মাস্টার ব্লাস্টার’-পুত্র অর্জুন তেন্ডুলকর?
নয়াদিল্লি: আজ ২৪ এপ্রিল, ‘মাস্টার ব্লাস্টার’-র জন্মদিন। ৫৩-এ পা দিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। স্বাভাবিকভাবেই মতান্তরে বিশ্বের সর্বকালের সর্বসেরা ক্রিকেটারের এই বিশেষ দিনে চারিদিক থেকে সচিনের জন্য শুভেচ্ছা ভেসে আসছে। তাঁর প্রাক্তন সতীর্থ থেকে বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা ‘ভারতরত্ন’-কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এমন দিনে তাঁর পরিবার তাঁকে শুভেচ্ছা জানাবেন না এমনটাও হয়? অর্জুন তেন্ডুলকরও (Arjun Tendulkar) সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। তবে তারপরেই তিনি যা করলেন, তা চর্চার কেন্দ্রে।

বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের মহারণ। সচিন তেন্ডুলকর যেমন মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটের অংশ, তেমনই তাঁর পুত্র অর্জুন আবার লখনউ সুপার জায়ান্টসের অংশ। তিনি লখনউ দলের সঙ্গে রয়েছেন। তবে বাবার জন্য এক আবেগঘন শুভেচ্ছা বার্তা দিলেন তিনি। এরপরেই সামনে রাখা একটি কেকের প্লেট হাতে তুলে নেন। কিন্তু তারপরেই সেই কেক খাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অর্জুন। কিন্তু কেন? আসলে অর্জুন নিজেই সেটা খোলসা করেন। তিনি জানান যে, ‘আমি এই কেকটা খাব না, কারণ আমি সচরাচর চিনি খাই না।’ তিনি নিজের বার্তা শেষ করেন, ‘খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হবে’ বলে।

পুত্র কাছে না থাকলেও, নিজের জন্মদিনের শুরুটা কিন্তু সচিন পরিবারের সঙ্গেই করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন। নিজের জন্মদিনের শুরুটা কীভাবে করেছেন তাঁর একটি ছবি দিয়ে সচিন লেখেন, ‘আমার দিনটা মা, অঞ্জলি এবং সমস্যা সৃষ্টিকারীর (পোষ্য) সঙ্গে একদম ঠিকঠাকভাবে শুরু করলাম। একজন মানুষ এর থেকে বেশি আর কীই বা চাইতে পারে?’

সচিন এদিন নিজের সমর্থকদের সঙ্গেও জন্মদিন উদযাপন করেন। তিনি নিজের বাড়ির বাইরেই মিডিয়া এবং সমর্থকদের সামনে স্ত্রী অঞ্জলিকে সঙ্গে নিয়ে কেক কাটেন। তাঁকে হাসিমুখে কেক কাটার পরে সমর্থকদের অটোগ্রাফ, সেলফি বিলিও করতে দেখা যায়।

(Feed Source: abplive.com)