জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপেক্ষার অবসান। অবশেষে নির্ধারিত হল শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর মুক্তির দিনক্ষণ। শুক্রবার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে একটি টিজার প্রকাশ করে জানানো হয়েছে, চলতি বছরের বড়দিনেই (২৪ ডিসেম্বর, ২০২৬) প্রেক্ষাগৃহে আছড়ে পড়বে ‘কিং’-এর গর্জন।
গত বছর শাহরুখের জন্মদিনে প্রথমবার এই ছবির কথা ঘোষণা করা হয়েছিল। তবে শুক্রবারের ঘোষণাটি ছিল আরও বেশি জমকালো। ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “একটি গর্জন যা গোটা রাজত্ব নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। #KING আসছে ২৪.১২.২০২৬ তারিখে।”
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বয়ং শাহরুখ খান। তবে ভক্তদের জন্য বাড়তি পাওনা হিসেবে থাকছেন তাঁর কন্যা সুহানা খান। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে সুহানার। টিজারে শাহরুখের যে লুক সামনে এসেছে, তা এক কথায় অনবদ্য। রুপোলি চুল, চোখেমুখে প্রতিশোধের ছাপ আর দুর্ধর্ষ সব স্টান্ট— সব মিলিয়ে এক মারকুটে অবতারে ধরা দিয়েছেন ‘পাঠান’ তারকা। টিজারে তাঁর সেই সংলাপ, “ডর নেহি, দহশত হুঁ” (ভয় নয়, আমি আতঙ্ক), ইতিমধ্যেই নেটপাড়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে।
‘কিং’ শুধুমাত্র শাহরুখ-সুহানার ছবি নয়, এটি একটি আক্ষরিক অর্থেই ‘মাল্টি-স্টারার’ সিনেমা। ছবিতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন এবং অনিল কাপুরের মতো অভিজ্ঞ তারকাদের। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ শুক্লা, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল এবং অভয় বর্মা। ২০২৫ সালের নভেম্বর মাসে নিজের জন্মদিনের এক অনুষ্ঠানে শাহরুখ খোলসা করেছিলেন যে, এই ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর একটি রোমান্টিক অ্যাঙ্গেল রয়েছে, যা দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে।
মারফ্লিক্স পিকচার্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিটি যে স্কেল এবং স্টাইলের দিক থেকে ভারতীয় সিনেমার সংজ্ঞাকে বদলে দেবে, তা বলাই বাহুল্য। সিড আনন্দ তাঁর ‘পাঠান’ এবং ‘ফাইটার’ ছবির জন্য পরিচিত, তাই ‘কিং’-এও যে হাই-অক্টেন অ্যাকশন থাকবে, তা নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। ২০২৬-এর ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে কত রেকর্ড এই ‘কিং’ ভাঙে, এখন সেটাই দেখার।
(Feed Source: zeenews.com)
