)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার (Louisiana shooting) শ্রিভপোর্টে এক মর্মান্তিক বন্দুকযুদ্ধে আট শিশু নিহত (Gunman kills Eight children) হয়েছে। এই ঘটনায় হামলাকারীও পরে পুলিসের গুলিতে নিহত হয়। অত্যন্ত মর্মান্তিক ও নৃশংস এই ঘটনা ঘটেছে রবিবার সকালে।
‘ফ্যামিলি অ্যানিহিলেশন’
এক ব্যক্তির অতর্কিত গুলিবর্ষণে আট শিশু প্রাণ হারাল! যাদের মধ্যে সাতজনই ছিল হামলাকারীর নিজের সন্তান। অবিশ্বাস্য! পুলিস জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই ভয়াবহ ‘ফ্যামিলি অ্যানিহিলেশন’ বা সপরিবারে হত্যার ঘটনাটি ঘটেছে।
এক মহিলা ও ৮ শিশু
হামলাকারীর নাম শমার এলকিন্স (৩১)। রবিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই তাণ্ডব শুরু হয়। এলকিন্স প্রথমে এক মহিলাকে গুলি করে এবং পরে একটি বাড়িতে ঢুকে শিশুদের উপর গুলিবর্ষণ করে। নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। এর মধ্যে সাতজন তার নিজের সন্তান, একজন তাদের আত্মীয়ের সন্তান।
বীভৎস
পুলিসের মুখপাত্র ক্রিস বোর্ডেলন জানান, অপরাধস্থলটি অত্যন্ত বীভৎস ছিল। সাতজন শিশুকে ঘরের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায় এবং একজন ছাদ দিয়ে পালানোর সময় গুলিতে প্রাণ হারায়। ঘটনায় শিশুদের মা এবং আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর এলকিন্স একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিস সঙ্গে তাকে ধাওয়া করতে শুরু করে। অবশেষে পুলিসের গুলিতে হামলাকারীও নিহত হয়। লুইজিয়ানা স্টেট পুলিস পুরো ঘটনাটির তদন্ত করছে।
শোক
শ্রিভপোর্টের মেয়র টম আর্সেনো ঘটনাটিকে শহরের ইতিহাসে “সবচেয়ে করুণ ঘটনা” বলে অভিহিত করেছেন। লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
(Feed Source: zeenews.com)
