NASA-য় গবেষণা, ‘সেরা শিক্ষক’, হোয়াইট হাউস ডিনারে গুলি চালিয়ে ধৃত যুবক, নিশানায় ছিলেন ট্রাম্প?

NASA-য় গবেষণা, ‘সেরা শিক্ষক’, হোয়াইট হাউস ডিনারে গুলি চালিয়ে ধৃত যুবক, নিশানায় ছিলেন ট্রাম্প?
নয়াদিল্লি: সংবিধান উদযাপনে বিশেষ নৈশভোজ। রাজনীতিক, শিল্পপতি, সাংবাদিক থেকে বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা উপস্থিত ছিলেন। আর সেই সময়ই গুলির শব্দে কেঁপে উঠল চারিদিক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হামলাকারী আসলে তাঁকে নিশানা করেই এগোচ্ছিল। যদিও তদন্তকারীরা এখনও পর্যন্ত সেই নিয়ে কিছু জানাননি। আর সেই আবহেই হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলি চালানো ব্যক্তির পরিচয় সামনে এল। (Who is Cole Tomas Allen)

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলি চালানো যুবককে ৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেন বলে শনাক্ত করা গিয়েছে। ক্যালিফোর্নিয়ার টোব়্যান্সের বাসিন্দা। পেশায় শিক্ষক অ্যালেন নিজ ক্ষেত্রে অত্যন্ত গুণী। LinkedIn থেকে পাওয়া তথ্য় অনুযায়ী, অ্যালেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্টিস্ট, ইন্ডি গেম ডেভলপার এবং পার্টটাইম শিক্ষকও। (White House Correspondents Dinner Shooting)

আমেরিকার সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে অ্যালেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয় ২০১৭ সালে। এমার্জেন্সি ব্রেক বসানো হুইলচেয়ারের প্রোটোটাইপ তৈরি করে সাড়া ফেলে দিয়েছিল অ্যালেন। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র জেট প্রপালসন ল্যাবরেটরিতে গবেষণার কাজেও যুক্ত ছিল। 

গত ছ’বছর ধরে C2 Education নামের একটি সংস্থায় পার্টটাইম শিক্ষক হিসেবেও যুক্ত ছিল অ্য়ালেন, যেখানে কলেজ পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করার দায়িত্ব ছিল তার কাঁধে। ২০২৪ সালে ওই সংস্থার ‘সেরা শিক্ষক’ও নির্বাচিত হয় অ্যালেন। কেন সে এমন পদক্ষেপ করল, তা এখনও স্পষ্ট নয়। আগে কখনও কোনও অপরাধে জড়িয়েছিল বলে রেকর্ড নেই। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট করতে অ্যালেন ২৫ ডলার দান করেছিল বলে রেকর্ড মিলেছে। 

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের আয়োজন হয়েছিল। ওই হোটেলে অতিথি হিসেবেই উঠেছিল অ্যালেন। তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান, একাধিক ছুরি ছিল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বলরুম লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে অ্যালেন। এক অফিসারের গায়ে গুলি লাগে। তবে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায়, কিছু হয়নি তাঁর। এর পর বলরুমের সেদিকে ছুটেও যায় সে। তবে ভিতরে পৌঁছনোর আগেই তাকে কাবু করে ফেলে সিক্রেট সার্ভিস। সোশ্য়াল মিডিয়ায় ট্রাম্প অ্যালেনের একটি ছবি পোস্ট করেছেন, যাতে খালি গায়ে তাকে মাটিতে চেপে ধরে রয়েছেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। পিছমোড়া করে বাঁধা রয়েছে হাত দু’টি। অ্য়ালেনকে ‘Very Sick’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

যে বলরুমের দিকে ছুটে যায় অ্যালেন, সেখানে ছিলেন ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া, সরকারি আধিকারিক থেকে বিশিষ্টজনেরা। ট্রাম্পের দাবি, তাঁকে খুন করতে চেয়েছিল অ্যালেন। যদিও তদন্তকারীরা এখনও পর্যন্ত সেই নিয়ে কিছু জানাননি। অ্যালেন একাই ছিল, তার সঙ্গে অন্য কারও সংযোগ পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

অ্যালেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার, যুক্তরাষ্ট্রীয় আধিকারিকের উপর বিপজ্জনক অস্ত্র প্রয়োগ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার আদালতে তোলা হবে। আরও ধারা যুক্ত করা হতে পারে। দোষী সাব্যস্ত হলে ২০ বছরের জেল হতে পারে তার। অস্ত্র ব্যবহারেই কমপক্ষে ১০ বছর জেল হওয়ার সম্ভাবনা। 

(Feed Source: abplive.com)