)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঞ্চ কাঁপানো নাচ আর জাদুকরী কণ্ঠ দিয়ে বিশ্বজয় করেছিলেন আগেই। এবার রুপোলি পর্দায় প্রত্যাবর্তনেই বক্স অফিসের সমস্ত পুরনো রেকর্ড ধুলোয় মিশিয়ে দিলেন মাইকেল জ্যাকসন। সদ্য মুক্তি পাওয়া পপ সম্রাটের বায়োপিক ‘মাইকেল’ (Michael) বিশ্বজুড়ে প্রথম উইকএন্ডেই ব্যবসা করল ২১৭ মিলিয়ন ডলার! ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৮০০ কোটি টাকারও বেশি।
অ্যান্টনি ফুকা পরিচালিত এই ছবিটি কেবল মাইকেল জ্যাকসনের ভক্তদের উন্মাদনার সাক্ষ্য দিচ্ছে না, বরং বাণিজ্যিক সাফল্যের নতুন মাইলফলক তৈরি করেছে। মুক্তির প্রথম কয়েক দিনেই আমেরিকা থেকে আয় হয়েছে প্রায় ৯৭ মিলিয়ন ডলার। এর ফলে ২০২৬ সালের অন্যতম সফল ছবি হিসেবে নিজের নাম খোদাই করে নিল ‘মাইকেল’।
এর আগে বায়োপিকের সাফল্যের তালিকার শীর্ষে ছিল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ (Oppenheimer) এবং ফ্রেডি মারকিউরির বায়োপিক ‘বোহেমিয়ান র্যাপসোডি’ (Bohemian Rhapsody)। কিন্তু মাইকেল জ্যাকসনের এই ছবি মুক্তির সাথে সাথেই সেই সমস্ত বাঘা বাঘা সিনেমাকে টপকে বায়োপিকের ইতিহাসে ‘বিগেস্ট ওপেনিং উইকএন্ড’-এর খেতাব ছিনিয়ে নিয়েছে।
ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাইপো জাফার জ্যাকসন। ট্রেলার মুক্তির পর থেকেই জাফারের লুক এবং পারফরম্যান্স নিয়ে চর্চা তুঙ্গে ছিল। সমালোচকদের মতে, মাইকেলের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং সঙ্গীত জগতের সাফল্যকে যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক অ্যান্টনি ফুকা, তাই দর্শকদের হলমুখী করেছে।
(Feed Source: zeenews.com)
