PHERA Movie Poster Release: ‘শিকড়ে ফেরার আখ্যান’, প্রকাশ্যে এল সঞ্জয় মিশ্র ও ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি ‘ফেরা’-র পোস্টার

PHERA Movie Poster Release: ‘শিকড়ে ফেরার আখ্যান’, প্রকাশ্যে এল সঞ্জয় মিশ্র ও ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি ‘ফেরা’-র পোস্টার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতির শহর, আধুনিকতার ইঁদুর দৌড় আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি পুরনো ঘর— এই নিয়েই দানা বেঁধেছে নন্দী মুভিসের নতুন সিনেমা ‘ফেরা’। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির প্রথম অফিশিয়াল পোস্টার। প্রদীপ কুমার নন্দী প্রযোজিত এবং পৃথা চক্রবর্তী পরিচালিত এই ছবি এক গভীর জীবনদর্শনের কথা বলতে চলেছে।

ছবির কাস্টিংয়ে রয়েছে বড় চমক। মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র এবং টলিউডের ভার্সেটাইল অভিনেতা ঋত্বিক চক্রবর্তী-কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার। দুই ভিন্ন ঘরানার অভিনয় প্রতিভার মেলবন্ধনই এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ।

গল্পের প্রেক্ষাপট:
‘ফেরা’ মূলত দুই পুরুষ—পলাশ (ঋত্বিক) এবং তাঁর বাবা পান্নালাল (সঞ্জয়)-এর গল্প। দ্রুত বদলে যাওয়া আধুনিক শহরে পলাশ নিজেকে টিকিয়ে রাখতে এক অবিরাম দৌড়ে সামিল। অন্যদিকে, এককালের ‘লোকাল হিরো’ পান্নালাল এখন জং ধরা অভ্যাস আর স্মৃতি আঁকড়েই সময় মাপেন। গল্পের মোড় ফেরে যখন অতীত আর বর্তমান এক অস্বস্তিকর সান্নিধ্যে এসে দাঁড়ায়। সম্পর্কের ফাটল আর ভাঙাচোরা বাড়ির দেওয়ালে জেগে ওঠা স্মৃতিগুলোই হয়ে ওঠে ছবির মূল উপজীব্য।

পরিচালক পৃথা চক্রবর্তীর ভাষায়, এই ছবি কেবল প্রত্যাবর্তনের গল্প নয়, বরং সাফল্যের কোলাহল যখন থিতিয়ে যায়, তখন শেষমেশ কী অবশিষ্ট থাকে—তারই এক নীরব অনুসন্ধান। এটি এমন এক মানুষের কাছে ফেরার গল্প, যে আজও আপনার জন্য বসার জায়গাটা ফাঁকা করে রাখে।

ছবির ট্যাগলাইনটি অত্যন্ত আকর্ষণীয়— ‘কিছু জীবন বৃত্ত পূর্ণ করে না, কেবল প্রতিধ্বনি তোলে’ (Some lives don’t arc. They echo)। সম্পর্কের এই সূক্ষ্ম রসায়ন নিয়ে তৈরি ‘ফেরা’ খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে আসতে চলেছে।

(Feed Source: zeenews.com)