চাঁদের বুকে আছড়ে পড়বে SpaceX রকেট! তীব্র বিস্ফোরণ, নয়া গহ্বর তৈরি হওয়ার আশঙ্কা

চাঁদের বুকে আছড়ে পড়বে SpaceX রকেট! তীব্র বিস্ফোরণ, নয়া গহ্বর তৈরি হওয়ার আশঙ্কা
নয়াদিল্লি: মহাকাশ থেকে পৃথিবীতে স্যাটেলাইট আছড়ে পড়ার ঘটনা ঘটেছে একাধিক বার। এবার পৃথিবী থেকে পাঠানো কৃত্রিম উপগ্রহ আছড়ে পড়তে চলেছে চাঁদের বুকে। ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর রকেটের অংশ বিশেষ মহাশূন্যে লক্ষ্যহীন ভাবে ভেসে বেড়াচ্ছে এই মুহূর্তে। সেটি চাঁদের বুকে আছড়ে পড়তে চলেছে বলে জানা গেল। (SpaceX Rocket Crash on Moon)

Project Pluto-তে প্রকাশিত একটি রিপোর্টে বিষয়টি সামনে এসেছে। যে রকেটটি আছড়ে পড়তে চলেছে, সেটি Falcon 9 রকেটের উপরের অংশ বলে খবর। SpaceX ৬০০-রও বেশি Falcon 9 রকেট উৎক্ষেণ করেছে। তার মধ্যে রকেটের উপরিভাগের অংশ হয় পৃথিবীর কক্ষপথের কাছাকাছি অবস্থান করছে, নয়ত পৃথিবীতে পুনরায় প্রবেশ করেছে। কিছু আবার প্রদক্ষিণ করছে সূর্যকে। (Science News)

রকেটের যে অংশটি চাঁদের মাটিতে আছড়ে পড়তে চলেছে, সেটি এক বছরের কিছু সময় ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করছিল। সেটির নাম জানা যায়নি এখনও পর্যন্ত। ক্যাটালগে ডেজিগনেশন লেখা রয়েছে 2025-010D. আগামী ৫ অগাস্ট 2025-010D সেটি চাঁদের বুকে আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে। চাঁদের যে অংশ আমরা দেখতে পাই এবং চাঁদের যে অংশটি আড়ালে থাকে, তার সীমানা বরাবর আছড়ে পড়তে পারে রকেটের ওই অংশ।

2025-010D আকারে ৪৫ ফুট। যে Falcon 9 রকেটের উপরিভাগ সেটি, তা চাঁদে দু’টি মহাকাশযান পাঠিয়েছে, Blue Ghost Lander এবং Hakuto-R Lander. ২০২৫ সালের মার্চ মাসে চাঁদের মাটি ছোঁয় Blue Ghost. সেবছর জুন মাসে চাঁদের মাটিতে ভেঙে পড়ে Hakuto-R. 2025-010D আছড়ে পড়লে চাঁদের বুকে নতুন একটি গহ্বর তৈরি হলেও, মারাত্মক কিছু ঘটবে না বলে অনুমান বিজ্ঞানীদের।

Project Pluto-র জ্যোতির্বিজ্ঞানী বিল গ্রে বলেন, “কোনও বিপদ নেই। তবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় পাওয়া গেল আবারও। কী ভাবে মহাকাশে আবর্জনা ফেলে রাখা হয়…।” তিনি জানিয়েছেন, চাঁদের বুকে Einstein গহ্বরের কাছে আছড়ে পড়তে পারে 2025-010D. সেটি চাঁদের বুকে আছড়ে পড়লে বিস্ফোরণ ঘটতে পারে। তবে পৃথিবী থেকে তা নাও দেখা যেতে পারে বলে জানিয়েছেন। পরে ওই গহ্বর নিয়ে গবেষণা করেত পারেন বিজ্ঞানীরা।

এর আগেও চাঁদের বুকে রকেট আছড়ে পড়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন গ্রে। ২০২২ সালে তিনি জানিয়েছিলেন, ৪ মার্চ চাঁদের মাটিতে আছড়ে পড়বে রকেট। তাঁর ভবিষ্যদ্বাণী মিলে যায়। চাঁদের মাটিতে আছড়ে পড়ে চিনের রকেটের বুস্টার। এবারে যে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি, তা নিয়ে এখনও কিছু জানায়নি NASA. গ্রে-র দাবি, ঘণ্টায় ৮ হাজার ৭০০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে 2025-010D. পৃথিবীতে শব্দের গতির চেয়েও বেশি জোরে।

(Feed Source: abplive.com)