
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অহমিয়া সংগীত জগতের কিংবদন্তি জ়ুবিন গর্গের মৃত্যু-রহস্য এখনও মানুষের মনে অমলিন। কিন্তু জীবনের চরম শোক কাটিয়ে এবার স্বাভাবিক ছন্দে ফেরার লড়াই শুরু করলেন তাঁর স্ত্রী গরিমা শইকীয়া গর্গ। তবে এবার আর নেপথ্যে নয়, সরাসরি পর্দার সামনে অর্থাৎ নায়িকা হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
বিনোদনের জগতের সঙ্গে গরিমার সম্পর্ক দীর্ঘদিনের। এতদিন কস্টিউম ডিজাইনার বা প্রযোজক হিসেবে তাঁকে চিনেছে দর্শক। ‘কাঞ্চনজঙ্ঘা’ (২০১৯), ‘শিকার’ (২০২৪) বা সাম্প্রতিক ‘রই রই বিনালে’ (২০২৫)-এর মতো অসমিয়া ছবিতে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে এবার পরিচালক মানস বড়ুয়ার আসন্ন ছবি ‘বারুদ ২’-এ নায়িকার ভূমিকায় দেখা যাবে গরিমাকে। প্রসঙ্গত, মানস বড়ুয়া হলেন কিংবদন্তি প্রয়াত পরিচালক মুনিন বড়ুয়ার পুত্র, যিনি অসমে ‘ভাইমনদা’ নামে পরিচিত।
জীবনের এই নতুন অধ্যায় শুরু করার আগে আবেগপ্রবণ হয়ে পড়েন গরিমা। শুটিংয়ের জন্য জোরহাটে যাওয়ার আগে তিনি পৌঁছে গিয়েছিলেন সোনাপুরের ‘জুবিন ক্ষেত্র’-এ। যেখানে শায়িত আছেন প্রিয় শিল্পী জুবিন গর্গ। সেখানে স্বামীর আশীর্বাদ নিয়েই নিজের নতুন কাজ শুরু করেন তিনি। উল্লেখ্য, এই ‘জুবিন ক্ষেত্র’ বর্তমানে তাঁর অনুরাগীদের কাছে এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে।
গরিমার বিপরীতে এই ছবিতে কোন অভিনেতাকে দেখা যাবে, তা নিয়ে এখনও গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতারা। তবে পোশাক পরিকল্পনা ও প্রযোজনা সামলানোর পর গরিমা যখন স্বয়ং নায়িকা হিসেবে স্ক্রিন শেয়ার করবেন, তখন তা দর্শকদের কাছে বাড়তি পাওনা হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
(Feed Source: zeenews.com)
