Pick up Van Truck Collision: সাত সকালে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৮

Pick up Van Truck Collision: সাত সকালে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৮

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রাক-পিকআপ ভ্য়ানের সংঘর্ষে ভয়ংকর কাণ্ড। প্রবল ওই সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। প্রবল ধাক্কায় অনেকেই ভ্যান থেকে বাইরে পড়ে যায়। অনেক আবার ভ্যানের মধ্যেই দলা পাকিয়ে যান। মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সিলেটে।

রবিবার সকাল ৬টা নাগাদ ছাদ ঢালাইয়ের কাজের জন্য সিলেটের আম্বরখানা থেকে ওই পিকআপ ভ্যানে চড়ে করে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন কমপক্ষে ২০ জন শ্রমিক। তাদের সঙ্গে ছিল সিমেন্ট-বালি মাখার একটে মেশিন। পিকআপটি তেলিবাজার এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রবল ধাক্কায় পিকআপে থাকা অনেকে ছিটকে পড়েন, অনেকে ভেতরে পিষে যান। স্থানীয়দের দাবি, ট্রাকটি সাইড বদল করে পিকআফ ভ্যানের লাইনে এসে যায়।

পুলিস সূত্রে খবর, নিহতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), নুরুজ আলী (৬০), সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার স‌রিষা না‌র্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২০), পুটামারা গ্রামের বদরুজ্জামান (৪৫) ও সিলেট নগরের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)।

নিহতদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত আরও সাতজন শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, একটি ডিআই ট্রাকে করে কাজের উদ্দেশে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিকরা। পথে তেলিবাজার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বিপরীতগামী কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক উল্টে যায়। পথচারীরা অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে। ওপর চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের মধ্যে দুজন মহিলা শ্রমিকও রয়েছেন।

(Feed Source: zeenews.com)