জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বাংলার জনপ্রিয় লোকসংগীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। ১ মে, অর্থাৎ মে দিবসের দিন রাত ১২টা নাগাদ গায়িকা শারীরিক অস্বস্তি বোধ করায় তাঁকে তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এই খবরে স্বভাবতই দুশ্চিন্তায় পড়েছিলেন তাঁর অগণিত ভক্ত ও অনুরাগী।
গায়িকার অসুস্থতা নিয়ে চারদিকে জল্পনা শুরু হলেও, তাঁর পরিবার থেকে আশ্বস্ত করা হয়েছে। পৌষালীর স্বামী পারিজাত সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, চিন্তার খুব বেশি কারণ নেই। মূলত রুটিন চেকআপ করানোর জন্যই গায়িকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সূত্রের খবর, বেশ কিছু মাস ধরেই স্ত্রী-রোগ সংক্রান্ত সমস্যায় ভুগছেন পৌষালী। হরমোন ইমব্যালেন্সের কারণেই পৌষালী অসুস্থ হয়ে পড়েছেন।
জি বাংলার ‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-এর মঞ্চ থেকে উঠে আসা এই শিল্পী বর্তমানে বাংলার মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। তাঁর গানে বারবার উঠে আসে মাটির টান। বর্তমানে তিনি ‘সারেগামাপা’র বিচারকের আসনেও রয়েছেন। গত ২৭ এপ্রিল টি-সিরিজ বাংলা থেকে মুক্তি পেয়েছে তাঁর নতুন গান ‘লগন বয়ে যায়’, যেখানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ঋষি পান্ডা।
কাজের ব্যস্ততার মাঝেই হঠাৎ এই হাসপাতালে ভর্তির খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে গায়িকা দ্রুত সুস্থ হয়ে আবারও স্টেজে ফিরবেন, এমনটাই আশা সংগীতপ্রেমীদের। তবে কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সেটা এখনও নিশ্চিত নয়।
(Feed Source: zeenews.com)
