)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারত-পাকিস্তানের (IND vs PAK) রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এই কথা আর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। পহেলগাঁও হামলার (Pahalgam Attack 2025) পর অপারেশন সিঁদুঁর (Operation Sindoor) ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। তবে সম্প্রতি এমন এক ঘটনা ঘটে গেল, যা যাবতীয় সমীকরণই বদলে দিল। শিরোনামে যা পড়েছেন, তা এবার বিশদে জানুন।
ওমান থেকে ভারতে আসছিল ভারতীয় ভেসেল এমভি গৌতম। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে উত্তাল আরবসাগরে আটকে যায় সেই ভেসেল। এই ভেসেল থেকে বিপদ সংকেত যায় মুম্বইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টারে। সেখান থেকেই দ্রুত ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাওয়া হয়। সঙ্গে সঙ্গে পাক নৌবাহিনী কাশ্মীর শ্রেণির মাল্টিপারপাস ভেসেল পিএমএসএস কাশ্মীরে চেপে ঘটনাস্থলে ছুটে আসেন। ভারতীয় ভেসেলে একাধিক দেশের মোট ৭ জন ক্রু ছিল। পাক নৌসেনা তাঁদের শুধু উদ্ধারই করেনি, ভেসেলটিকে স্থিতিশীল করে এবং ক্রুদের নিরাপত্তাও নিশ্চিত করে। খাওয়াদাওয়া থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা ও কারিগরি সহায়তাও দেয় পাকিস্তান।
পাক সেনা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ওমান থেকে ভারতে আসার পথে একটি ভেসেল আটকে পড়ে। সেখানে ৭জন ক্রু সদস্য ছিল। যাদের মধ্যে ছ’জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় ছিলেন। ভেসেলটি গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণেই সমুদ্র আটকে পড়েছিল। পাকিস্তানের এই অভিযান দেশ নির্বিশেষে সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক দায়িত্বের প্রতি নৌবাহিনীর অঙ্গীকারকেই তুলে ধরে এবং আঞ্চলিক জলসীমায় জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য তার প্রস্তুতিকেও তুলে ধরে।’ উদ্ধার ও সহায়তা অভিযানে নৌবাহিনীকে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি সাহায্য় করেছে বলেই জানা গিয়েছে। গালফ টাইমস উদ্ধার অভিযানের ভিডিয়ো এক্সে শেয়ার করেছে। যেখানে পাকিস্তান নৌবাহিনীর একটি বোট এমভি গৌতমের ক্রু সদস্যদের সহায়তা করতে দেখা যাচ্ছে।
পাকিস্তান নৌবাহিনী তার সামুদ্রিক নিরাপত্তা ম্যান্ডেটের অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলিতে আঞ্চলিক জলসীমায় বেশ কয়েকটি রেসকিউ অ্যান্ড ইভাকুয়েশন মিশন পরিচালনা করেছে। বিশেষ করে বিপদগ্রস্ত বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার নৌকাগুলির ক্ষেত্রে। কিছুদিন আগে পাকিস্তান ১৮ জনকেও উদ্ধার করেছিল। বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘এক দ্রুত মানবিক অভিযানে পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগরে পাকিস্তানের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭০ কিমি) দূরে, চলাচলরত বাণিজ্যিক জাহাজ এমভি গোল্ড অটাম থেকে একটি জরুরি বার্তা পাওয়ার পর, চিন, বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার ক্রু-সহ ১৮ জনকে সফল ভাবে উদ্ধার করেছে।’ পাকিস্তান কি তাদের ভাবমূর্তি বদলের চেষ্টা করছে আন্তর্জাতিক মঞ্চে? এই প্রশ্নও কিন্তু উঠে আসছে।
(Feed Source: zeenews.com)
