Lionel Messi On Cristiano Ronaldo Rivalry: আজও ‘এল ক্লাসিকো’র স্মৃতিতেই বুঁদ মেসি, রোনাল্ডোর সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভীষণ নস্ট্যালজিক

Lionel Messi On Cristiano Ronaldo Rivalry: আজও ‘এল ক্লাসিকো’র স্মৃতিতেই বুঁদ মেসি, রোনাল্ডোর সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভীষণ নস্ট্যালজিক

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? দুয়ের মধ্যে কে শ্রেষ্ঠ? বিগত এক যুগেরও বেশি সময় ধরে ফুটবলবিশ্বে এই আলোচনা চলছে। প্রাক্তন থেকে বর্তমান ফুটবল মহারথীদের কেউ কেউ এলএম টেনকে এগিয়ে রেখেছেন, কেউ কেউ বেছে নিয়েছেন সিআর সেভেনকে। আর্জেন্তাইন সুপারস্টার ও পর্তুগিজ জাদুকরের মধ্যে ‘গোট ডিবেট’ (G.O.A.T debate) সম্ভবত আবহমান কাল ধরে চলবে। আগামী প্রজন্মও তাঁদের কথা বলবে, এই গ্রহের এমনই দুই মহাতারকা তাঁরা। মেসি-রোনাল্ডো এখন কেরিয়ারের সায়াহ্ণে। আসন্ন ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) পর তাঁদের আর যে আন্তর্জাতিক আঙিনায় দেখা যাবে না, সে কথা প্রায় নিশ্চিত ভাবেই বলা যায়। লিয়ো এখন ৩৮ বছরের, রনির বয়স ৪১। তবুও কাপযুদ্ধে তাঁরা শেষবারের মতো মরণ-কামড় দেবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপে নামার আগে এবার রোনাল্ডোর সঙ্গে দ্বৈরথ নিয়ে মুখ খুললেন মেসি (Lionel Messi Breaks Silence On Cristiano Ronaldo Rivalry)

রোনাল্ডোকে নিয়ে কী বললেন মেসি

জোয়াকুইন পোলো আলভারেজের হোস্ট করা স্প্যানিশ পডকাস্ট ‘লো ডেল পোলো’য় অতিথি হয়ে এসেছিলেন মেসি। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের তীব্র প্রতিদ্বন্দ্বিতাই তাঁর আর রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বিতার ইন্ধন জুগিয়েছে, বলেই মনে করেন বিশ্বকাপজয়ী। মেসির মতে তাঁর আর রোনাল্ডোর সম্পর্ক সর্বদা সৌহার্দ্যপূর্ণ ছিল এবং এই প্রতিদ্বন্দ্বিতাকে তাঁর চোখে সুন্দর। মেসির সংযোজন, ‘ফুটবলের দুনিয়ায় এই ধরনের তুলনা বা প্রতিযোগিতা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। এটি খুবই সাধারণ, ঠিক যেমনটা ক্লাব কিংবা জাতীয় দলগুলির ক্ষেত্রে ঘটে। তবে আমাদের এই প্রতিদ্বন্দ্বিতা কখনই খেলাধুলোর গণ্ডি ছাড়িয়ে অন্য কিছু হয়ে ওঠেনি। আমি তখন বার্সেলোনায় ছিলাম আর ও ছিল রিয়াল মাদ্রিদে। আমরা এল ক্লাসিকোতে একে অপরের মুখোমুখি হতাম। দলগত ও ব্যক্তিগত, উভয় ক্ষেত্রেই সবকিছুর জন্য তীব্র লড়াই করেছি। আর ঠিক এ কারণেই মানুষ সবসময় আমাদের দুজনের মধ্যে তুলনা করত। আমাদের দু’জনের অর্জনের বিশালতাই এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও বেশি তীব্র ও আকর্ষণীয় করে তুলেছিল। ম্যাচ চলাকালীন কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলি ছাড়া আমাদের খুব একটা দেখা-সাক্ষাৎ হত না। আর সেই অনুষ্ঠানগুলিতেও সবার নজর থাকত এটার অপেক্ষায় যে, পুরস্কারটি শেষমেশ আমি জিতছি নাকি ও। তবে আমাদের পারস্পরিক সম্পর্ক সবসময়ই বেশ সৌহার্দ্যপূর্ণ ছিল। এখন আমরা একে অপরের থেকে অনেক দূরে এবং জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়ে অবস্থান করছি।কিন্তু অতীতে আমাদের দু’জনের মধ্যে যা ঘটেছিল, তা ছিল খেলাধুলার জগতের এক অত্যন্ত সুন্দর ও উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতা।’

মেসি বনাম রোনাল্ডো; পরিসংখ্যান কী বলছে?

বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে থাকাকালীন, মেসি ও রোনাল্ডো তাঁদের আধিপত্য বিস্তার করেছিলেন। লা লিগায় ৪৭৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অধ্যায় শেষ করেন মেসি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের সম্রাট হয়ে আছেন রোনাল্ডোই। ১৪০ গোলের রেকর্ড আছে তাঁর। উভয়েই একাধিকবার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন এবং ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে ‘ব্যালন ডি’অর’ ট্রফিটি ভাগ করে নিয়েছেন। মেসি জিতেছেন আটবার, আর রোনাল্ডো এই পুরস্কার পেয়েছেন পাঁচবার। বর্তমানে মেসি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। অন্যদিকে রোনাল্ডো আল-নাসেরে ইতিহাস লিখেছেন। ফুটবলদুনিয়ার ভক্তরা অধীর আগ্রহে বসে রয়েছেন যে, বিশ্বকাপের মঞ্চে কবে দেখা হবে মেসি-রোনাল্ডোর। সম্ভবত এটাই ‘লাস্ট ডান্স’! বিশ্বকাপেই চোখ দুই মায়েস্ত্রোর।

(Feed Source: zeenews.com)