
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের শ্রম আইনে বিরাট পদক্ষেপ। কেন্দ্র প্রকাশ করল চারটি শ্রম বিধির চূড়ান্ত নিয়মাবলী। নতুন এই নিয়মাবলীর মধ্যে রয়েছে ৮ ঘণ্টা কাজের সময়, ন্যূনতম মজুরি, বাধ্যতামূল পে স্লিপ, সপ্তাহ ৪৮ ঘণ্টা কাজের সীমার মতো বহু পুরনো দাবি। এরকম বহু নিয়ম কার্যকর হতে চলেছে। এনিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। এতদিন দেশে চালু ছিল ২৯ পৃথক শ্রম আইন। তার পরিবর্তে এখন থেকে কার্যকর হবে মোট ৪টি নতুন লেবার কোড।
সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ
নতুন নিয়ম কোনও কর্মীকে সপ্তাহে মোট ৪৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। আর যদি ৪৮ ঘণ্টার বেশি কাজ করানো হয় তাহলে ওভারটাইম দিতে হবে। সপ্তাহে একদিন ছুটি বাধ্যতামূলক।
বেশি কাজ করলে দিতে হবে টাকা
বেশিরভাগ বেসরকারি সংস্থায় দেখা যায় কাজের জায়গায় ঢোকার সময় রয়েছে কিন্তু বের হতে হবে হাতের কাজ শেষ করে। নতুন নিয়মে আর তা হচ্ছে না। অতিরিক্ত কাজ করালে টাকা দিতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট লেটার বাধ্যতামূলক
এখন থেকে আগ গোঁজামিল নয়। নিয়োগপত্র দিতেই হবে। এতে ছাঁটাই করতে গেলে অন্তত দুবার ভাববে কোনও কোম্পানি। চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা অনেকটাই বাড়বে।
কোম্পানি বা নিয়োগকর্তাদেরও স্বস্তি
এতদিন ২৯ শ্রমআইন মানতে গিয়ে কোম্পানির এইচআরদের প্রচুর নথিপত্র নিয়ে কাজ করতে হতো। এখন মাত্র ৪ কোড এসে যাওয়ার ফলে কাগজপত্রের ঝামেলা অনেকটাই কমবে। কমবে আইনি ঝুটঝামেলা। এতে ব্যবসা করা অনেক সহজ হবে বলেই মনে করা হচ্ছে।
নাইট শিফট
নতুন নিয়মে সন্ধ্যা ৭টার পর এবং সকাল ৬টার আগে মহিলা কর্মীদের নাইট শিফটের অনুমতি মিলবে। এর জন্য অবশ্য নিয়োগকর্তাকে লিখিত অনুমতি নিতে হবে। কোনও গিগ কর্মীকে নিয়োগ করলে সঙ্গে সঙ্গেই তা পোর্টালে আপলোড করতে হবে। আবার ওই কর্মী চাকরি ছাড়লে সেটিও পোর্টালে আপলোড করতে হবে।
(Feed Source: zeenews.com)
