
ম্যাচের প্রথম ইনিংসে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়ান পরাগের অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করা যশস্বী জয়সওয়াল। তবে বল হাতে শুরুর দিকে রয়্যালসের বোলাররা তেমন প্রভাব ফেলতে পারেননি। ফের একবার এক অনবদ্য ইনিংস খেলেন মিচেল মার্শ। তবে দুর্ভাগ্যবশত নাগাড়ে দুই ম্যাচে শতরানের দোরগোড়ায় পৌঁছেও সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ হন তিনি। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর দুরন্ত ৯৬ রানের ইনিংস এবং মার্শের ওপেনিং পার্টনার জশ ইংলিসের অর্ধশতরানে ভর করেই ২২০ রান বোর্ডে তোলে লখনউ সুপার জায়ান্টস। ‘ডেথ ওভারে’ রয়্যালসের বোলাররা দুরন্ত কামব্যাক না করলেও এক সময় তো মনে হচ্ছিল লখনউ হেসেখেলে ২৫০ রানের গণ্ডি পার করে ফেলবে। তবে শেষের ওভারগুলিতে জোফ্রা আর্চারদের ভাল বোলিংয়ের সুবাদেই পাঁচ উইকেটে ২২০ রানে থামল লখনউয়ের ইনিংস। রয়্যালসদের হয়ে তরুণ স্পিনার যশ রাজ পুঞ্জা সর্বাধিক দুই উইকেট নিয়ে প্রভাবিত করেন।
জবাবে রয়্যালসদের হয়ে বড় লক্ষ্যের পৌঁছতে প্রয়োজন অনুযায়ী শুরুটাই দুরন্তভাবে করেছিলেন দুই ওপেনার। প্রথম ওভারেই আকাশ সিংহের বিরুদ্ধে ১৯ রান যোগ করেন বৈভব এবং যশস্বী জয়সওয়াল। শুরুতে যশস্বীই বেশি আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন। পাওয়ার প্লেতেই রাজস্থানের ওপেনিং জুটি ৭১ রান যোগ করে ফেলে। তবে ঠিক পাওয়ার প্লের পরের ওভারেই আকাশ সিংহ ৪৩ রানে যশস্বীকে সাজঘরে ফিরিয়ে লখনউয়ের খানিকটা আশা জাগান।
তবে যশস্বী আউট হওয়ার পর স্বমূর্তি ধারণ করে বৈভব। এদিন স্বভাববিরুদ্ধ ভঙ্গিমায় খানিকটা দেখেশুনে ইনিংস শুরু করে বৈভব। তবে একবার সেট হয়ে গেলে তার হাত থেকে আকাশ, মহসিন, প্রিন্স, কেউই রক্ষা পাননি। আকাশের নবম ওভার থেকে ২৬ রান তোলে রাজস্থান। মাত্র ২৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করে যশস্বী। ঘটনাক্রমে এটিই এবারের আইপিএলে তার সবথেকে মন্থর অর্ধশতরানের ইনিংস। তবে অর্ধশতরান পূরণ করে বৈভব থামেনি। তার বিধ্বংসী ইনিংসের সময় অপরপ্রান্তে দাঁড়িয়ে না থেকে আক্রমণে যোগ দেন ধ্রুব জুরেলও। প্রিন্সের এক ওভার থেকে তো দুইজনে ২৯ রান তোলেন। দুর্ভাগ্যবশত শতরানের দোরগোড়ায় বৈভবকে ৯৩ রানে ফেরান মহসিন খান।
অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও, বৈভবের ইনিংসই রয়্যালসের জয় সুনিশ্চিত করে দেয়। পাঁচ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জেতে রয়্যালস। ধ্রুব জুরেলও এদিন দায়িত্ব নিয়ে অপরাজিত অর্ধশতরান হাঁকিয়ে দলকে জিততে সাহায্য় করেন।
(Feed Source: abplive.com)
