
Modi-Meloni Meet: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পর্শে একেবারে সপ্তম স্বর্গে পার্লে! এক ঘণ্টায় শেয়ার বাজারে ঝড় উঠে গিয়েছে। মোদি-মেলোনির ‘মেলোডি’ ম্যাজিকেই কামাল!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) বুধবার রোমে তাঁর ইটালিয়ান কাউন্টারপার্ট জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) সঙ্গে দেখা করেছেন, তাঁদের ছবি-ভিডিয়ো যখনই সামনে আসতে থাকে, তখনই নেটপাড়ায় ঝড় উঠতে শুরু করে। যা ভীষণ ভাবেই প্রত্যাশিত। ইন্টারনেটের সাম্প্রতিক ইতিহাস বলছে, মোদী-মেলোনি-র (Modi-Meloni) মিশেলে তৈরি হওয়া ‘মেলোডি’ শব্দবন্ধ নেটিজেনদের ভীষণই প্রিয়। রসিকজনেরা যা নিয়ে বিস্তর মিম করে থাকেন। এটাই ঘটে দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে হলে। আর এবার মোদী নিজেও রসিকতায় শামিল হলেন। তিনি মেলোনিকে দিয়েছেন এক প্যাকেট মেলোডি চকোলেট টফি (Melody Chocolate Toffee)। আশির দশকের শুরুতে তৈরি পার্লে প্রোডাক্টসের এই চকোলেট-ক্যারামেল ক্যান্ডি এই দেশে খুবই জনপ্রিয়।
এক নামেই একাধিক ঘটনা!
মোদি-মেলোনির ‘মেলোডি’ ম্যাজিকে রয়েছে হাল্কা রসিকতা। একটা মিষ্টি ইঙ্গিতও। নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ায় জয়। তবে এই সবের মাঝেই দালাল স্ট্রিট এমন কিছু করে বসল, যা কেউই আশা করেনি। দুই প্রধানমন্ত্রীর রিল ভাইরাল হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীরা ‘পার্লে’র খোঁজে বোম্বে স্টক এক্সচেঞ্জ ট্রেডিং টার্মিনালে ভিড় জমান। তারা পার্লে ইন্ডাস্ট্রিজ খুঁজে নিয়ে শেয়ার কেনাও শুরু করে দিলেন। তবে সমস্যা ছিল শুধু একটাই। ঘটনাচক্রে পার্লে ইন্ডাস্ট্রিজ মেলোডি চকোলেট টফি তৈরিই করে না। এমনকী এই কোম্পানি বিস্কুট বা স্ন্যাকসও বানায় না। দেখতে গেলে পার্লে প্রোডাক্টসের সঙ্গে পার্লে ইন্ডাস্ট্রিজের কোনও সম্পর্কই নেই! মেলোডি টফি বানায় মুম্বই-ভিত্তিক প্রধান এফএমসিজি কোম্পানি পার্লে প্রোডাক্টস। ‘পার্লে-জি’, ‘মোনাকো’, ‘হাইড অ্যান্ড সিক’ এবং ‘ম্যাঙ্গো বাইট’-এর নেপথ্যে তারা। পার্লে প্রোডাক্টস ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানি। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তও নয়। ফলে কেনার মতো কোনও স্টক নেই। তবে বিনিয়োগকারীরা দ্রুততায় একমাত্র যে ‘পার্লে’ নামটি খুঁজে পেয়েছিলেন, তাঁরা সেটিই কিনে নেন! পার্লে ইন্ডাস্ট্রিজ একটি ইনফ্রা এবং রিয়েল এস্টেট কোম্পানি। যারা কাগজ, কাগজের বর্জ্য এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্য নিয়েও কাজ করে। তবে নামের এই মিলটাই যথেষ্ট ছিল।
পড়তি বাজারে ৫ শতাংশের লাফ!
আমেরিকা ও ইরানের সংঘাতের কারণে বিশ্বজুড়ে উদ্বেগ। পুরো বাজারই সেশন জুড়েই ধুঁকছিল। ঠিক তখনই বিপরীত স্রোতে গিয়ে পার্লে ইন্ডাস্ট্রিজের পোয়াবারো। মেলোডি রিলভাইরাল হওয়ার এক ঘণ্টার মধ্যেই পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে যায়! ৪.৯৫ টাকা থেকে বেড়ে ৫.২৫ টাকায় পৌঁছায়। নেই কোনও বড় মুনাফার খবর। নেই কোনও বড় অর্ডারের প্রাপ্তি। নেই ব্যবসার কোনও আপডেট। তবুও আজকের ট্রেডিং সেশনে পার্লে ইন্ডাস্ট্রিজ হয়ে গেল মার্কেটের ‘সবচেয়ে মিষ্টি’ শেয়ার। লক্ষণীয় বিষয় হল গত ১২ মাসে এই শেয়ারের দাম প্রায় ৬৮ শতাংশ কমে গিয়েছিল। কিন্তু এদিন মেলোনিকে দেওয়া মোদীর কূটনৈতিক উপহার এবং একটি ভাইরাল নামেই ম্যাজিক হয়ে গেল। শেয়ারটি ক্ষণিকের জন্য হলেও ঊর্ধ্বমুখী গতির (র্যালি) স্বাদ পেয়েছিল। আর এর পুরো কৃতিত্বই ছিল মাত্র ১ টাকার একটি টফির।
পার্লে ইন্ডাস্ট্রিজ বনাম পার্লে প্রোডাক্টস
পার্লে ইন্ডাস্ট্রিজ ১৯৮৩ সালে ‘এক্সপ্রেস বটলার্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ হিসেবে নিবন্ধিত হয়েছিল।
পরে নাম পরিবর্তন করে ‘পার্লে সফটওয়্যার লিমিটেড’ রাখা হয়।
কোম্পানিটি মূলত পার্লে-বিসলেরি গ্রুপ দ্বারা প্রবর্তিত হয়েছিল।
বর্তমানে কোম্পানিটি পরিকাঠামো, আবাসন এবং কাগজের বর্জ্য পুনর্ব্যবহার, এই ক্ষেত্রগুলি জুড়ে বিস্তৃত ব্যবসায়িক কার্যক্রম নিয়ে স্বাধীন ভাবে পরিচালিত হচ্ছে।
(Feed Source: zeenews.com)
