Thalapathy Vijay Govt Fall: পড়ে যাবে থালাপতি বিজয়ের সরকার? সমর্থন প্রত্যাহারের হুমকিতে বড় সংকটে তামিলনাড়ু

Thalapathy Vijay Govt Fall: পড়ে যাবে থালাপতি বিজয়ের সরকার? সমর্থন প্রত্যাহারের হুমকিতে বড় সংকটে তামিলনাড়ু

 

CPI-M Warning Vijay Tamil Nadu: ডিএমকে প্রধান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দাবি করেছেন, বিজয়ের সরকার যে কোনও মুহূর্তে পড়ে যেতে পারে! তাই না কি? প্রকৃত ছবিটা কী? এত চর্চিত একটি সরকারের স্থায়িত্ব কেন বিঘ্নিত হতে বসেছে? আসন-পাটিগণিতটা কী?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: থালাপতি বিজয় (Thalapathy Vijay News)-র সরকার কি পতনের মুখে? তামিলনাড়ু সরকার (government of Tamil Nadu) কি বিপন্ন? তামিলনাড়ু সরকারের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি যোসেফ বিজয় (newly elected Chief Minister Thalapathy Joseph Vijay) ভারত জুড়ে সাড়া ফেলে দিয়েছেন। এমনকি বিশ্বের বহু জায়গাতেই বিজয়ের এই নির্বাচন নিয়ে সাড়া পড়ে গিয়েছে। কিন্তু এত চর্চিত একটি সরকারের স্থায়িত্ব (stability of Vijaya government) কেন বিঘ্নিত হতে বসেছে?

বড় প্রশ্ন উঠে গিয়েছে তামিলনাড়ুর সরকার নিয়ে। সরকার গড়েও এবার সেই সরকার তারা ধরে রাখতে পারবে কি না– এটাই সহসা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এই মুহূর্তে তামিলনাড়ু রাজনীতির সবচেয়ে চাঞ্চল্যকর এবং সবচেয়ে বড় খবর এটাই। যা নিয়ে তোলপাড় গোটা দেশের রাজধানী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে থালাপতি জোসেফ বিজয়ের সরকার এক বড় সংকটের সম্মুখীন। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে তারা। শাসক দলের বামপন্থী অংশ মাকপা (সিপিআই-এম) মুখ্যমন্ত্রী বিজয়কে কড়া হুঁশিয়ারি দিয়েছে। এই হুঁশিয়ারির পর রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা তীব্র হয়েছে যে, থালাপতি বিজয় তাঁর পদ ধরে রাখতে পারবেন কি না।

ফাটলের কারণ

এই বিতর্কের মূল কারণ, বিরোধীদল এআইএডিএমকে-কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা নিয়ে জল্পনা। নির্বাচনে বিজয়ের দল, টিভিকে ১০৮টি আসন জিতেছিল। এই ১০৮ সংখ্যাটি সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ কম। এরপর কংগ্রেস, বাম এবং অন্যান্য দলের সমর্থনে একটি সরকার গঠিত হয়। কিন্তু এখন খবর আসছে, এআইএডিএমকে-র একটি অংশকে সরকারে মন্ত্রীর পদ দেওয়া হতে পারে, যেকারণে বাম দলগুলি ক্ষুব্ধ।

বিরোধী দল কেন সরকারে?

সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক পি. শানমুগাম বুধবার স্পষ্টভাবে জানিয়েছেন, যদি মুখ্যমন্ত্রী বিজয় এআইএডিএমকে-কে মন্ত্রিসভায় স্থান দেন, তবে তাঁর দল (সিপিআই(এম))সরকারকে সমর্থন দেওয়ার বিষয়টি ভেবে দেখবে। এক সাক্ষাৎকারে শানমুগাম বলেন, আমরা আশা করি, মুখ্যমন্ত্রী এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। কিন্তু তিনি যদি কোনও বিরোধী দলকে শেষ পর্যন্ত সরকারে নিয়েই আসেন, তা হলে আমাদের পক্ষে সরকারে থাকা অসম্ভব হয়ে পড়বে!

১৪৪ জনের সমর্থনে

মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় ১৪৪ জন বিধায়কের সমর্থনে তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে জয়ী হন। যার মধ্যে টিভিকে, কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), আইইউএমএল এবং ভিসিকে অন্তর্ভুক্ত। কিন্তু নেপথ্যের ঘটনা অন্যরকম।

২৫ জন-২২ জন

বর্তমানে এআইএডিএমকে-র মধ্যে একটি বড় বিভাজন চলছে। দলের মোট বিধায়কদের মধ্যে, এস.পি. ভেলুমণি এবং সি.ভি. শানমুগামের নেতৃত্বে ২৫ জনের একটি গোষ্ঠী ১১ মে-র আস্থা ভোটের সময় বিজয়ের টিভিকে-কে পরোক্ষভাবে সমর্থন করেছিল। অন্য দিকে, দলপ্রধান এডাপ্পাদি কে. পালানিস্বামী (ইপিএস)-র প্রতি অনুগত বাকি ২২ জন বিধায়ক প্রকাশ্যে এই আস্থা ভোটের বিরোধিতা করেছিলেন সেদিন।

এআইএডিএমকে-র সমালোচনা

প্রসঙ্গত সিপিআই(এম) এবং অন্যান্য বাম দলগুলি বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য এআইএডিএমকে-র বরাবরই সমালোচনা করে আসছে। বাম দলগুলি কেন্দ্রীয় এনডিএ সরকারের নীতি সমর্থন করার জন্য এআইএডিএমকে-কে অপছন্দ করে। যে কারণে তারা দলটির সরকারে যোগদানেরও বিরোধিতা করছে।

আসন-পাটিগণিত

তবে, এখন সব কিছু নির্ভর করছে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের সিদ্ধান্তের উপরই। সরকারকে শক্তিশালী করার জন্য তিনি যদি এআইএডিএমকে-র বিদ্রোহী গোষ্ঠীকে মন্ত্রীপদ দেন, তাহলে বামেরা সরে যাবে। যদিও এআইএডিএমকে-র ২৫ জন বিধায়কের সৌজন্যে বামদের সরে যাওয়ার পরেও তামিলনাড়ু সরকার সুরক্ষিত থাকতে পারে। কিন্তু আসন-পাটিগণিত কি চলবে এই চেনা ফর্মুলায়? সময়ই বলবে।

(Feed Source: zeenews.com)