Kharagpur IIT: ভারতের সামুদ্রিক বা মেরিটাইম ক্ষেত্রকে আরও উন্নত করতে এবার নামল আইআইটি খড়গপুর। মেরিটাইম ইন্ডিয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হতে চলা ‘মেরিটাইম ইনোভেশন হাব’ নতুন স্টার্টআপগুলির আইডিয়া থেকে শুরু করে চূড়ান্ত উৎপাদন পর্যন্ত সব স্তরে সাহায্য করবে, যা মেরিটাইম সেক্টরকে দেখাবে এক নতুন দিশা।
আইআইটি খড়গপুর ও মেরিটাইম ইন্ডিয়া ফাউন্ডেশনের মধ্যে মউ চুক্তি
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সামুদ্রিক গবেষণায় এবার হাত লাগাল আইআইটি খড়গপুর। দেশের সামুদ্রিক বা মেরিটাইম ক্ষেত্রের সার্বিক উন্নয়নে এবার এক উল্লেখযোগ্য পদক্ষেপ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ভারতের সামুদ্রিক উদ্ভাবন এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে তুলতে মেরিটাইম ইন্ডিয়া ফাউন্ডেশনের সঙ্গে একটি চুক্তিতে (মউ) আবদ্ধ হল এই প্রাচীন এই প্রযুক্তিবিদ্যার শিক্ষা প্রতিষ্ঠান। এই চুক্তির মূল লক্ষ্য হল আইআইটি খড়গপুরে একটি অত্যাধুনিক ‘মেরিটাইম ইনোভেশন হাব’ (এমআইএইচ) তৈরি করা।
সম্প্রতি চেন্নাই পোর্ট অথরিটিতে বিশিষ্ট শিক্ষাবিদ এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আইআইটি খড়গপুরের পক্ষে এই চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের ইনোভেশন ও এন্টারপ্রেনারশিপের ডিন তথা ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী এবং মেরিটাইম ইন্ডিয়া ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর এস. বিশ্বনাথন। এই বিশেষ অনুষ্ঠানে আইআইটি খড়গপুরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ রণদেব দত্ত। এছাড়াও ছিলেন মেরিটাইম ইনোভেশন হাবের দুই কো-অর্ডিনেটর ডঃ অনির্বাণ ভট্টাচার্য এবং ডঃ মৈনাক চক্রবর্তী।
কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অধীনস্থ ‘সাগরমালা স্টার্টআপ ইনোভেশন ইনিশিয়েটিভ’ (S2I2)-এর অংশ হিসেবে এই মেরিটাইম ইনোভেশন হাবটি প্রতিষ্ঠা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ভারতের সামুদ্রিক ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবন এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারকে ত্বরান্বিত করাই এই হাবের প্রধান উদ্দেশ্য। নতুন চিন্তাভাবনা থেকে শুরু করে মডেল বা প্রোটোটাইপ তৈরি, তার ব্যবহারিক বৈধতা যাচাই এবং চূড়ান্ত পর্যায়ে শিল্পক্ষেত্রে তা প্রয়োগ করা অর্থাৎ স্টার্টআপগুলির বেড়ে ওঠার প্রতিটি স্তরে প্রয়োজনীয় পরিকাঠামোগত সাহায্য করবে এই হাব।
(Feed Source: news18.com)