পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!

পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!

কলকাতা: অভিযোগ দায়ের হয়েছিল আগেই, আর এবার ভোট পরবর্তী সন্ত্রাসে ‘উস্কানি’ দেওয়ার অভিযোগে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) আর স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee)-র বিরুদ্ধে দায়ের করা হল FIR। অভিনেতা ও অভিনেত্রীর নামে, গড়িয়াহাট থানায় FIR দায়ের করা হয়েছে। আর এবার, ২ জনের বিরুদ্ধে দন্তে নামল গড়িয়াহাট থানা। ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে পরমব্রত আর স্বস্তিকার বিরুদ্ধে। যে ২টি ধারায় মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যে ১৫৩এ ধারাটি জামিন অযোগ্য। ২০২১-এর মামলা বলে ভারতীয় ন্যায়সংহিতার জায়গায় ভারতীয় দণ্ডবিধিতে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেই, সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগ উঠেছিল, পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এ নিয়ে গতকালই, পুলিশে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী।

কোথা থেকে শুরু বিতর্ক?

বিতর্কে জড়ালেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন, এক আইনজীবী। ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে, তাঁর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন জয়দীপ সেন নামে এক আইনজীবী। পরমব্রতর পোস্টকে সম্মতি জানানোয়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল ওই বছর ২ মে। হ্যাটট্রিক করে ফের ক্ষমতায় আসে তৃণমূল। মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। অভিযোগকারী আইনজীবীর দাবি, ওই দিন বিকেল চারটের সময়, যখন ভোটের ফল প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল, সেদিনই সোশাল মিডিয়ায় এই পোস্টটি করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। যেখানে তিনি লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ যে পোস্ট সম্মতি জানিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘হোক হোক।’ ৫ বছর আগে পরমব্রত করা পোস্টের স্ক্রিনশট প্রথমে সোশাল মিডিয়ায় তুলে ধরেন, রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি।

পরমব্রতর সুরবদল

দিন কয়েক আগেও পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পাশে। SIR-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্যে পালাবদল হওয়া মাত্র, সুর বদলাতেও দেখা গেছে পরমব্রতকে। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে বুধবার টেকনিশিয়ান স্টুডিওয়ে গিয়েছিলেন শিবপুরে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেখানেই উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছিলেন প্রযোজক নিসপাল সিং রানেও। যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী। সেখানেও কার্যত তৃণমূল আমলের সমালোচনা করতেই শোনা যায় পরমব্রতকে। কিন্তু, যিনি ২০২১ সালে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন…যিনি তৃণমূল নেতার সঙ্গে SIR-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যান, তিনি হঠাৎ বেসুর কেন? এখানেও কি পরিবর্তনের প্রভাব? চলচ্চিত্র জগতে সব পক্ষের লোকজন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন উঠছে এতদিন তাঁরা কোনও অন্যায়ের প্রতি সরব হননি কেন? তাহলে কি রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক নেতাদের মতো টালিগঞ্জের কলাকুশলীরাও রং বদলাচ্ছেন?

(Feed Source: abplive.com)