Supreme Court on reservation: শুক্রবার সংরক্ষণ নিয়ে এক মামলার শুনানিতে শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, যেসব পরিবার শিক্ষা এবং আর্থিক ক্ষেত্রে ইতিমধ্যেই উন্নতি করেছে, তাদের পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি কতটা যুক্তিসঙ্গত। এই পর্যবেক্ষণ নিয়ে চর্চা শুরু হয়েছে।
সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: সংরক্ষণ ও সামাজিক অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শুক্রবার এক মামলার শুনানিতে শীর্ষ আদালত প্রশ্ন তোলে, যেসব পরিবার ইতিমধ্যেই শিক্ষা ও আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে, তাদের পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি কতটা যুক্তিসঙ্গত।
অনগ্রসর শ্রেণির ‘ক্রিমি লেয়ার’-এর জন্য সংরক্ষণ সুবিধা সংক্রান্ত একটি মামলার শুনানিতে আদালত বিশেষভাবে প্রশ্ন তোলে, “যদি বাবা-মা দু’জনেই আইএএস অফিসার হন, তাহলে তাঁদের সন্তানদের কেন সংরক্ষণ প্রয়োজন?”
আদালতের পর্যবেক্ষণ, শিক্ষা ও আর্থিক ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক অগ্রগতি ঘটে। সেই অবস্থায় পরবর্তী প্রজন্মের জন্যও একইভাবে সংরক্ষণ দাবি করা হলে সমাজ কখনও এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে না। বেঞ্চ জানায়, “শিক্ষা ও আর্থিক ক্ষমতায়নের ফলে সামাজিক গতিশীলতা আসে। এরপরও যদি সন্তানদের জন্য সংরক্ষণ চাওয়া হয়, তাহলে আমরা কোনও দিনই এই ব্যবস্থা থেকে বেরোতে পারব না। বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন।”
আদালত আরও জানায়, সরকার ইতিমধ্যেই একাধিক নির্দেশিকায় আর্থিক ও সামাজিকভাবে উন্নত অংশকে সংরক্ষণের আওতার বাইরে রাখার ব্যবস্থা করেছে। কিন্তু সেই বাদ দেওয়ার সিদ্ধান্তকেই এখন চ্যালেঞ্জ করা হচ্ছে।
শুনানির সময় বিচারপতি B V Nagarathna মন্তব্য করেন, “ছাত্রছাত্রীদের বাবা-মা ভাল চাকরিতে রয়েছেন, ভাল আয় করছেন, তারপরও সন্তানরা আবার সংরক্ষণ চাইছে। দেখুন, তাঁদের সংরক্ষণ থেকে বেরিয়ে আসা উচিত।”
বেঞ্চ আরও জানায়, সংরক্ষণের সুবিধা নিয়ে কোনও পরিবার যদি একটি নির্দিষ্ট শিক্ষা ও আর্থিক স্তরে পৌঁছে যায়, তাহলে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে সংরক্ষণ পাওয়ার যোগ্যতা নতুন করে খতিয়ে দেখা প্রয়োজন।
শুনানিতে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS) এবং সামাজিকভাবে অনগ্রসর শ্রেণির সংরক্ষণের মধ্যেকার পার্থক্যের কথাও তুলে ধরা হয়। বিচারপতি নাগরত্না বলেন, “EWS-এর ক্ষেত্রে সামাজিক অনগ্রসরতা নেই, সেখানে শুধুই আর্থিক দুর্বলতা বিবেচ্য।” মামলায় সুপ্রিম কোর্ট নোটিস জারি করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে জবাব তলব করেছে।
(Feed Source: news18.com)