
নাগালের বাইরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এর মধ্যে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের জালে ধরা পড়েছেন বিধায়কপুত্র । গ্রেফতার হয়েছেন তাঁর ৪ সঙ্গীও। পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ১টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে পুলিশ এখন হুমকির মামলায় খুঁজছে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় মামলা রুজু হয়েছে। গত কয়েকদিন ধরে খোঁজ নেই তৃণমূল বিধায়কের। এর মধ্যে বেআইনি বন্দুক ও গুলি সমেত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের ছেলেকে হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ। পুলিশের জালে বিধায়ক পুত্রের ৪ সঙ্গীও। গুলি-বন্দুকের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি।
পুলিশ সূত্রে দাবি করা হয়, তাঁদের কাছে খবর আসে দলবল নিয়ে বকখালি গেছেন বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অভীক মণ্ডল ওরফে অর্ঘ্য। তারপরেই তাঁর ওপর নজর রাখতে শুরু করে পুলিশ। গত সোমবার বকখালি থেকে ফেরার সময় বিধায়ক-পুত্রের গাড়ি আটকে তল্লাশি শুরু করে ডায়মন্ড হারবার থানা ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে দাবি আরও দাবি করা হয়, বেআইনি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ সহ হাতেনাতে পাকড়াও করা হয়েছে দিলীপ মণ্ডলের ছেলেকে।
বৃহস্পতিবার যখন দিলীপ মণ্ডলের খোঁজে তাঁর বাড়িতে অভিযান চালায়, সেই সময় প্রশ্নের মুখে পড়েন বিধায়ক পুত্রও। সেদিন পুলিশ পৌঁছনোর মাত্র কিছুক্ষণ আগে পড়িমড়ি করে খালি পায়ে পালান তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল! নির্মীয়মাণ বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে, জলাজমি, মাঠ টপকে, পগার পার হয়ে যান তিনি। CC ক্যামেরায় ধরা পড়ে, পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ছিঁড়ে যায় বিধায়কের পাজামা।
বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর, বিজেপির উদ্দেশে হুমকি দিতে শোনা যায় বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে। এরপরই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় মামলা রুজু হয়। তার প্রেক্ষিতেই দিলীপের বাড়িতে পৌঁছোয় পুলিশ। কিন্তু, সেখান থেকে পালান তিনি। এখনও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের খোঁজ পায়নি পুলিশ। Dilip Mondal
(Feed Source: abplive.com)
