
Rukmini Vasanth: সাম্প্রতিক সময়ে যা ঘটছে, ঠিক সেটাই ঘটে গেল দক্ষিণী সুন্দরী রুক্মিণী বসন্তের সঙ্গে। আর উপায় না দেখে আইনের পথেই হাঁটলেন ‘টক্সিক’ নায়িকা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রুক্মিণী বসন্ত (Rukmini Vasanth)। দুর্দান্ত অভিনয়ে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে বেশ আলোচিত নাম। ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’ (Kantara: A Legend Chapter-1)-এর কনকবতী এখন রীতিমতো বিপাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর একটি বিকিনি শ্যুটের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যা এক্সেও শেয়ার হচ্ছে দেদারে। যেখানে দেখা যাচ্ছে সবুজ বিকিনি পরে রুক্মিণী পুলে শ্যুট করছেন (Rukmini Vasanth Green Bikini Photoshoot)। তাঁর বালুঘড়ির মতো শরীর। তিনি জলকেলি করছেন। রুক্মিণীকে ঘিরে রেখেছে ক্যামেরা! ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিশ্রুতিময় উদীয়মান প্রতিভা হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত রুক্মিণী। তাঁর দাবি এই ভিডিয়ো ভুয়ো এবং কৃত্তিম মেধায় নির্মিত! এখন পরিস্থিতি এমনই হয়েছে যে, রুক্মিণী বাধ্য হয়ে সাইবারক্রাইমে অভিযোগ দায়ের করেছেন।
রুক্মিণীর দৃঢ় বিশ্বাস যে, কর্তৃপক্ষ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, ‘আমরা এইমাত্র অভিযোগ দায়ের করেছি। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আমি নিশ্চিত যে, আমাদের সাইবার ক্রাইম দফতর বিষয়টি খতিয়ে দেখবে। এমন ঘটনা যে কেবল অভিনেত্রীদের সঙ্গেই ঘটে, তা নয়। অনেক তরুণী ও নারীই এই সমস্যার সম্মুখীন। এটি অন্যায় কাজ। আমি মনে করি না যে, এমন কিছু করা উচিত। হয়তো অভিনেত্রীরাই সবার আগে এমন পরিস্থিতির শিকার হন। তবে আমার ধারণা—অনেক নারীই এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। মানুষের এই বিষয়টি নিয়ে ভাবা উচিত। অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অনেক ইতিবাচক দিকও রয়েছে।’
কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
রুক্মিণী জানিয়েছেন যে, আইনি পদক্ষেপ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে এবং সাইবারক্রাইম অত্যন্ত সক্রিয় ভাবে বিষয়টি দেখছে। রুক্মিণীর বিকৃত ছবি বা ভিডিয়ো তৈরি ও প্রচারের পিছনে দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্ণিত করতে চাইছে সাইবারক্রাইম। নায়িকা এই ধরনের বিষয়বস্তু শেয়ার করা কিংবা সেগুলোর সঙ্গে কোনও ভাবে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে বলেছেন। কারণ এই পরিস্থিতি কেবল আরও খারাপের দিকেই নিয়ে যায়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোক বা অভিনেত্রী, এরাই টার্গেট হন ডিপফেক ভিডিয়োর। তাঁদের সুনাম হানি করতেই এই ভাবে প্রযুক্তির অপপ্রয়োগ করা হয়।
রুক্মিণী বসন্ত কোন প্রজেক্টে কাজ করছেন?
রুক্মিণীকে সর্বশেষ ঋষভ শেঠির ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’ সিনেমায় দেখা গিয়েছিল। আগামী দিনে বেশ কিছু সিনেমায় দেখা যাবে তাঁকে। যার মধ্যে রয়েছে যশের বিপরীতে ‘টক্সিক’ এবং প্রশান্ত নীলের ‘ড্রাগন’ (যেটিতে জুনিয়র এনটিআর অভিনয় করছেন)। আশা করা হচ্ছে, এই প্রজেক্টগুলি দক্ষিণ ভারতীয় সিনেমায় তাঁর অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
(Feed Source: zeenews.com)
