হাওয়ায় ‘দুলছে’ সুজিত বসুর উদ্যোগে তৈরি মেসির মূর্তি! যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা

হাওয়ায় ‘দুলছে’ সুজিত বসুর উদ্যোগে তৈরি মেসির মূর্তি! যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা

Lake Town: মেসির কলকাতা সফরের সময় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু লেকটাউনে মেসির একটি মূর্তির উদ্বোধন করেন। কিন্তু মাত্র কয়েক মাসেই সেই মূর্তি একটা বিপদজনক অবস্থা তৈরি করেছে, বলছেন স্থানীয় মানুষরাই।

কলকাতা: লেকটাউনে হাওয়ায় ‘দুলছে’ সুজিত বসুর উদ্বোধন করা মেসির মূর্তি! গত ১৩ ডিসেম্বর লেকটাউনের ক্লক টাওয়ারের কাছে এই মূর্তিটির উদ্বোধন করা হয়। যে কোনও মুহূর্তে মেসির এই স্ট্যাচু ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই আশঙ্কা নিয়ে থানায় গিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মেসির কলকাতা সফরের সময় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু লেকটাউনে মেসির একটি মূর্তির উদ্বোধন করেন। কিন্তু মাত্র কয়েক মাসেই সেই মূর্তি একটা বিপদজনক অবস্থা তৈরি করেছে, বলছেন স্থানীয় মানুষরাই। আর তারপর আজ, ২৫ মে সকালে স্থানীয় মানুষরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা বলছেন, গত কয়েক দিন ধরেই তাঁরা খেয়াল করেছেন মেসির ও মূর্তিটা হওয়া দিলেই দুলছে।

এরপরই পুলিশের তরফে যোগাযোগ করা হয় স্থানীয় প্রশাসন ও দক্ষিণ দমদম পুরসভায়। এমনকি এই খবর যায় জেলাশাসক পর্যন্তও। জেলাশাসকের নির্দেশে PWD-এর ইঞ্জিনিয়াররা আসেন ও তাঁরা এই মূর্তি পর্যবেক্ষণ করেন।

এই মূর্তিকে কেন্দ্র করে প্রথম থেকেই একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। মূর্তি উদ্বোধনের পরই সোশ্যাল মিডিয়ায় একাধিক অভিযোগ ওঠে। মেসির ভক্তরা অভিযোগ করেছিলেন, এই মূর্তির সঙ্গে মেসির কোনও মিল নেই। তারপর আজ সকালে স্থানীয়দের এই অভিযোগ সেই সব বিতর্কে আবার উস্কে দিল।

PWD -এর ইঞ্জিনিয়াররা এসে মেসির মূর্তি পর্যবেক্ষণ করেন ও তারপর একটি রিপোর্ট দেন জেলা শাসকের কাছে। সেখানে বলা হয়, মেসির এই মূর্তি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এ ছাড়াও সূত্রের খবর, যেখানে এই মূর্তি তৈরি করা হয়েছে, সেটা আসলে PWD -এর জমি। কিন্তু এই মূর্তি তৈরির সময় PWD -এর থেকে কোনও নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া হয়নি। অর্থাৎ, যে যে বেনিয়ম রয়েছে সেই বিষয়ে একাধিক সত্যি এবার সামনে আসছে।

PWD সূত্রে আরও খবর, এই মূর্তিটি অবৈজ্ঞানিক ভাবে তৈরি করা হয়েছিল। এই মূর্তির সেন্টার অফ গ্র্যাভিটি এমন জায়গায় রয়েছে, যে হওয়া দিলেই এই মূর্তিটি দুলছে। আর কয়েক দিনের মধ্যেই রাজ্যে ঢুকবে বর্ষা। ফলে, ঝড়, বৃষ্টির ফলে আগামীতে এই মূর্তি ভেঙে পড়তে পারে, কোনও বিপদ তৈরি করতে পারে। আর সেই আশঙ্কা থেকেই খুব দ্রুত এই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকের কাছে।

(Feed Source: abplive.com)