Police Complaint against Kabir Suman: এবার আইনি জটিলতায় জড়ালেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন। নারীদের অপমান এবং হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগে কলকাতার নেতাজি নগর থানায় গায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল ‘জাতির কথা’ নামের একটি সংগঠন। ৩ বছর আগে একটি টিভি চ্যানেলে করা সুমনের কিছু মন্তব্যের জেরেই এই পদক্ষেপ। ভারতীয় ন্যায় সংহিতা মেনে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন করে আইনি বিতর্কে জড়ালেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী তথা তৃণমূল কংগ্রেস সমর্থক কবীর সুমন। সোশাল মিডিয়ায় ভিডিও আপলোড করে তাঁর বিরুদ্ধে নারীদের অপমান এবং হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনা হলো। এই মর্মে কলকাতার নেতাজি নগর থানায় গায়কের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ‘জাতির কথা’ নামের একটি সংগঠনের সদস্যরা।
৩ বছর পুরনো একটি মন্তব্যকে কেন্দ্র করে এই অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিনোদন ও রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
অভিযোগ দায়ের করার পর সোশাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন ‘জাতির কথা’ সংগঠনের সদস্যরা। সেখানে গায়কের তীব্র সমালোচনা করে তাঁরা বলেন, ”কবীর সুমন বিখ্যাত গায়ক, নিজেকে বুদ্ধিজীবী মনে করেন। কিন্তু নারীদের এবং বাঙালি মানুষের প্রতি তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, তা আমরা বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে এবং নারীর সম্মান রক্ষাকারী হিসেবে কোনওভাবেই বরদাস্ত করছি না। তাই আমরা থানায় অভিযোগ জানালাম।”
এখানেই শেষ নয়, সংগঠনের পক্ষ থেকে কবীর সুমনের শাস্তির দাবি তুলে আরও বলা হয়, ”তাঁকে যাতে জেলে পাঠানো যায়, তার জন্য আমরা যাবতীয় ব্যবস্থা করব। হিন্দু সমাজকে এভাবে অসম্মানিত এবং তাচ্ছিল্য করা যাবে না। উনি যে কথা বলেছেন, তার মূল্য ওঁকে দিতেই হবে।”
নেতাজি নগর পুলিশ সূত্রে খবর, আজ থেকে প্রায় ৩ বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কিছু ‘বিরূপ’ মন্তব্য করেছিলেন কবীর সুমন। সেই পুরোনো মন্তব্যের ওপর ভিত্তি করেই বর্তমান সময়ে এই অভিযোগটি দায়ের করা হয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়লেও নিয়মমাফিক এখনও কোনও এফআইআর (FIR) দায়ের করা হয়নি। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র নির্দিষ্ট ধারা মেনে বর্তমানে ঘটনাটির প্রাথমিক অনুসন্ধান ও তদন্ত চালানো হচ্ছে। এই বিষয়ে কবীর সুমনের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
(Feed Source: zeenews.com)