
পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর, মেয়ে ফিরলে শেষকৃত্য
অনীক দত্তের একমাত্র কন্যা থাকেন সুইডেনে। তাঁকে ইতিমধ্যেই দুঃসংবাদ দেওয়া হয়েছে। তিনি আজ দুপুরের দিকে দেশে ফিরবেন। এরপরেই প্রয়াত পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। আজ রাতে পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে প্রয়াত পরিচালকের দেহ। আগামীকাল যথাযোগ্য মর্যাদায় অনীক দত্তের শেষকৃত্য সম্পন্ন হবে। তবে শেষকৃত্যের আগে, নন্দনে কিছুক্ষণের জন্য শায়িত থাকবে তাঁর মৃতদেহ। প্রয়াত পরিচালককে যাতে শেষশ্রদ্ধা জানাতে পারেন তাঁর গুণগ্রাহীরা, সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে। পরিচালকের পরিবারের সঙ্গে আজ দেখা করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এখনও পর্যন্ত, পরিবারের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায়, পরিবারের তরফ থেকে একটি বার্তা শেয়ার করে নিয়েছেন, পরিচালক বিরসা দাশগুপ্ত। কী বার্তা রয়েছে সেখানে?
কী বার্তা পরিবারের তরফে?
বিরসা দাশগুপ্ত সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট শেয়ার করে নিয়েছেন সেখানে লেখা রয়েছে, ‘অনীক দত্তের পরিবারের তরফ থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সংবাদমাধ্যমের বন্ধুরা আর প্রশাসনের কাছে অনুরোধ… প্রয়াত পরিচালকের পরিবারকে এই মুহূর্তে একটু শান্তি আর ব্যক্তিগত জায়গা দেওয়া উচিত। দয়া করে গুজব ছড়াবেন না। বাংলা সিনেমার ইতিহাসে এটা একটা কালো দিন। পরিবারের কাছে দিনটা আরও দুঃখজনক। অনীকদা বাংলা সিনেমার শুধু স্বতন্ত্র কন্ঠই ছিলেন না, উনি ছিলেন প্রত্যেক আড্ডার প্রাণ। মজা করতে ভালবাসতেন, আর সবার ভীষণ ভালবাসার মানুষ ছিলেন। প্রত্যেকের কাছে অনুরোধ… দয়া করে কোনোরকম গুজব ছড়াবেন না। গুজবে কান দেবেন না। দয়া করে, শোকস্তব্ধ পরিবারের পাশে থাকুন, প্রার্থনা করুন।’
(Feed Source: abplive.com)
