
El Nino: উত্তর ভারত জুড়ে বিস্তৃত বিশাল মেঘপুঞ্জ এখন আবহাওয়াবিদদের বিশেষ নজরে। প্রায় ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই প্রাক-বর্ষা মেঘমালা চলতি মৌসুমের অন্যতম বড় আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত। ইনস্যাট স্যাটেলাইটের ছবিতে ধরা পড়া এই বিশাল মেঘস্তূপ ভারী বৃষ্টি, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। বৃহস্পতিবার রাজস্থানের গঙ্গানগরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। এই চরম গরমের মধ্যেই আবহাওয়াবিদরা স্বস্তির খবর দিচ্ছেন। তাঁদের মতে, উত্তর ও মধ্য ভারতের আকাশে বিশাল আকারের মেঘপুঞ্জ তৈরি হয়েছে, যা আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে। ভারতের ইনস্যাট-ডি/এস আবহাওয়া উপগ্রহের তোলা ছবিতে সেই বিশাল মেঘের স্তূপ স্পষ্টভাবে দৃশ্যমান।
বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, পাকিস্তান সীমান্ত থেকে শুরু করে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ হয়ে মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত এই মেঘরাশি ছড়িয়ে রয়েছে। একই সঙ্গে পূর্ব ভারত এবং বঙ্গোপসাগরের উপরেও ঘন মেঘের স্তর জমেছে। ফলে উত্তর ভারতের বড় অংশ এখন ঘন মেঘে ঢাকা। আবহবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝা এবং আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস একত্রিত হওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
পশ্চিম থেকে পূর্ব ভারত পর্যন্ত এই মেঘমালার বিস্তার আনুমানিক ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাক-বর্ষার সময় এত বড় মেঘপুঞ্জ সচরাচর দেখা যায় না। উপগ্রহের ইনফ্রারেড ছবিতে মেঘের কিছু অংশ অত্যন্ত সক্রিয় ও উজ্জ্বল হিসেবে ধরা পড়েছে, যা শক্তিশালী বজ্রগর্ভ মেঘের ইঙ্গিত। এই ধরনের মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত এবং তীব্র ঝড়ের সম্ভাবনা থাকে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারত ও জম্মু-কাশ্মীর অঞ্চলে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
আবহবিদদের মতে, উত্তর ভারতের তীব্র তাপপ্রবাহের কারণেই বায়ুমণ্ডলে এই অস্থিরতার জন্ম। রাজস্থান, দিল্লি ও হরিয়ানার অতিরিক্ত উত্তপ্ত স্থলভূমি এবং বাতাসে থাকা আর্দ্রতার সংঘর্ষে মুহুর্মুহু বজ্রপাত হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাই আগামী কয়েকদিনে বৃষ্টি নামলে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা আবহবিদদের।
তবে স্বস্তি অস্বস্তি দুই-ই রয়েছে, কারণ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল ঝড়বৃষ্টি সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে, যা থেকে ক্ষতি সম্ভাবনা অনেক, ফলে সাধারণ মানুষকে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
(Feed Source: news18.com)
