
কলকাতা: সোনারপুরে গিয়ে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম, হল ধাক্কাধাক্কি, টানা-হেঁচড়া, দেখানো হল জুতো ও! ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছে সাধারণ মানুষ! আর শনিবার সেই সাধারণ মানুষের রোষের মুখেই পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! আইনশৃঙ্খলা থেকে নারী নিরাপত্তা, রাস্তা থেকে ত্রাণ! গত ১৫ বছরে তৃণমূল জমানায় না পাওয়ার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন মানুষ! তবে এই ঘটনার নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। সোনারপুরে অভিষেকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কী বললেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)।
‘যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. প্রয়োজনে ব়্যাফ নামান..’
সোনারপুরে গিয়ে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পড়া, এবং ডিম ছোঁড়া, ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘গোটা বিষয়টা জানতে পেরেই সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি। বলি, ‘কি হচ্ছে টা কি? এটা কী সোনারপুরে ঘটছে? এটা সোনারপুরে কীভাবে ঘটতে পারে। আমি বলছি.. যেভাবে হোক অভিষেককে বাঁচান.. যেভাবে হোক, অভিষেককে বাঁচান। ওকে অক্ষত ফেরত আনুন।’ তারপরে আমি ফোনটা ছেড়ে, আবার SP-কে ফোন করেছি। বললাম.. ‘ব়্যাফ বা যা যা লাগে, আপনি ভরিয়ে দিন। তাড়াতাড়ি করুন। ওখানে মানুষকে থামান, শান্ত করুন। সব যেন বন্ধ হয়।’ বিজেপি এসব কাজ সমর্থন করে না।’ প্রসঙ্গত, সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এদিন অভিষেক ঘটনার খবর তাঁর কানে যেতেই সত্বর ব্যবস্থা নিতে বলেছিলেন তিনি।
কী বলছেন সাধারণ মানুষ?
এদিন সোনারপুরের কামরাবাদ মোড় থেকে নিহত দলীয় কর্মীর বাড়ি যেতে গিয়ে বারবার রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়! ধাক্কাধাক্কি, টানা হেঁচড়া, ডিম ছোড়া… এমনকী তাঁকে লক্ষ্য করে উড়ে আসে ঢিল! এক বিক্ষোভকারী বলছেন, ‘ও বলেছিল না ৪ তারিখের পরে অ্যানাউন্সমেন্ট করেছিল না, বাবার ক্ষমতা দেখতে চেয়েছিল না! আজকে ওর বাবার ক্ষমতা ওকে দেখানো হবে।’ এদিন নিহত দলীয় কর্মীর বাড়ির ভিতরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, তখন সেই বাড়ি ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা! এক বিক্ষোভকারী বলছেন, ‘তৃণমূলের দালালরা যাঁরা ছাপ্পা ভোট মেরেছে তাঁরা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।’ এক বিক্ষোভকারী বলছেন, ‘এই চোর, যা টাকা আছে বার কর।’ এভাবেই রীতিমতো দীর্ঘক্ষণ ঘেরাও হয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
(Feed Source: abplive.com)
