)
IPL Stars In Upcoming Indian Team: আইপিএল মাতিয়েই এবার জাতীয় দলে এন্ট্রি। সম্ভাব্য তালিকায় বৈভব সূর্যবংশী থেকে রজত পাতীদার। দেখুন শিকে ছিঁড়ছে যাঁদের…
জি ২৪ ঘণ্টা ডি়জিটাল ব্যুরো: এবারের আইপিএল (IPL) মাতানো একাধিক ক্রিকেটারই নজর কেড়েছেন সিনিয়র দলের নির্বাচকদের। সম্ভাব্য তালিকায় বৈভব সূর্যবংশী থেকে রজত পাতীদার। রয়েছেন ব্যাটার-বোলার-অলরাউন্ডার। দেখুন শিকে ছিঁড়ছে যাঁদের। চলে এল নামের তালিকা।
১) বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস): রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময়-প্রতিভা বৈভব সূর্যবংশী পাগল করে দিয়েছে আইপিএলে। তার ভয়াল তাণ্ডবলীলায় বাইশ গজ কেঁপে গিয়েছে। ‘বস বেবি’ বৈভব সবচেয়ে কম বয়সে অরেঞ্জ ক্যাপ জেতার ইতিহাস লিখেছে ১৬ ম্যাচে মোট ৭৭৬ রান করে! ভয়াল আগ্রাসী বাঁ-হাতি ব্যাটার ইতোমধ্যেই ইন্ডিয়া-এ দলে ঢুকে পড়েছে। মনে করা হচ্ছে দ্রুত সিনিয়র টিমের সাজঘরেও তাকে দেখা যাবে। এই মরসুমের সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ।
২) আয়ূষ মাত্রে (চেন্নাই সুপার কিংস): অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন অধিনায়ক আয়ূষ। ১৮ বছর বয়সী প্রতিভাবান তরুণ তাঁর নিখুঁত ধ্রুপদী ব্যাটিং শৈলীর সঙ্গে আধুনিক ক্রিকেটের শক্তির অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন। যার সুবাদে তিনি ভারতের টপ-অর্ডারে দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন। এবারের আইপিএলে সিএসকে-র হয়ে ৬ ম্যাচে ২০১ রান করেছেন। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দুর্ভাগ্যবশত তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়।
৩) প্রিয়াংশ আর্য (পঞ্জাব কিংস): বিধ্বংসী স্ট্রাইক রেট এবং চার-ছক্কার ঝড় তোলার সহজাত ক্ষমতার জন্য সুপরিচিত প্রিয়াংশ। বিস্ফোরক টপ-অর্ডার ব্যাটার বর্তমানে ভারতের সীমিত ওভারের (হোয়াইট-বল) দলগুলির জন্য একজন প্রথম সারির বিকল্প খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। এবার আইপিএলে ১৩ ইনিংসে ৩৬৪ রান করেছেন ২১১.৬৩-এর স্ট্রাইক রেটে। লখনউয়ের বিরুদ্ধে ৩৭ বলে ৯৩ রানের ইনিংস ছিল সর্বোচ্চ। করেছেন তিন হাফ-সেঞ্চুরিও।
৪) অংশুল কম্বোজ (চেন্নাই সুপার কিংস): এইবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪ ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন অংশুল কাম্বোজ। ইতোমধ্যেই বিধ্বংসী ডেথ-ওভার বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। সিনিয়র টিমের নির্বাচকদের নজরে রয়েছেন তিনি।
৫) প্রিন্স যাদব (লখনউ সুপার জায়ান্টস): ২৪ বছর বয়সী দিল্লির পেসার আইপিএলের অন্যতম সেরা চমক হিসেবেই আবির্ভূত হয়েছেন। নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। তাঁর থেকে নজর দূরে সরিয়ে রাখার কোনও উপায়ই নেই।
৬) রজত পাতীদার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু): ৩ টেস্ট ও ১ ওডিআই খেলা রজত বিগত দুই বছর জাতীয় দলে ডাক পাননি। এবার ‘রি এন্ট্রি’ হতে চলেছে রজতের! পরপর দু’বার আইপিএল জয়ী অধিনায়ক হিসেবে ইতিহাস লিখেছেন। নির্বাচকরা রজতের উপর চোখ রেখেছে। আরসিবি-র হয়ে ধারাবাহিক ভাবে রান করেছেন তিনি। স্পিন বোলিংয়ের বিরুদ্ধেও তাঁর ব্যাটিং দক্ষতা নজরে। জাতীয় দলে সাদা বলের ক্রিকেটে অবিলম্বে প্রত্যাবর্তনের জোরাল দাবিদার হয়েছেন রজত। এই আইপিএলে ১৫ ইনিংসে ৫০১ রান করেছেন রজত। গত আইপিএলে ১৫ ম্যাচে ৩১২ রান করেছিলেন। দুই মরসুম মিলিয়ে ৮০০ + রান রজতের!
মিডল অর্ডারের পাশাপাশি অলরাউন্ড দক্ষতায় চর্চায় আছেন সমীর রিজভি, অঙ্গকৃষ রঘুবংশী ও হর্ষ দুবে। ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করার দক্ষতায় গুজরাত টাইটান্সের পেসার অশোক শর্মাও নজরে রয়েছেন ভীষণ ভাবে। এবার দেখা যাক কাদের কপালে শিকে ছিঁড়ছে…
(Feed Source: zeenews.com)
