অতীতের বিভীষিকা স্মৃতি এখনও টাটকা, বিজয় শোভাযাত্রার বিষয়ে কী সিদ্ধান্ত নিল আরসিবি?

অতীতের বিভীষিকা স্মৃতি এখনও টাটকা, বিজয় শোভাযাত্রার বিষয়ে কী সিদ্ধান্ত নিল আরসিবি?

 

বেঙ্গালুরু: ২০২৫ সালের পর ২০২৬। টানা দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (IPL 2026 Champion RCB)। রজত পাতিদারের নেতৃত্বে আরসিবি ফাইনালে হারিয়ে দেয় গুজরাত টাইটান্সকে। ট্রফির জয়ের আনন্দে আরসিবি ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের আনন্দ, উদযাপন, উল্লাসের নানা মুহূর্তের ছবি ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি জিতেছে আরসিবি শিবির। কিন্তু বেঙ্গালুরুতে ফেরার পর কি বিজয় শোভাযাত্রা হবে কোনও?

এই প্রশ্নটাই সব আরসিবি সমর্থকের মনে জাগছিল। এই পরিস্থিতিতে একটা নেতিবাচক আশঙ্কাও কাজ করছিল। ২০২৫ আইপিএল মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। কিন্তু আনন্দের সেই মুহূর্ত নিমেষেই বিভীষিকার আকার নেয়। পদপিষ্ট হয়ে ১১ জন আরসিবি সমর্থকের মৃত্যু হয়। যে ঘটনা নিয়ে পরবর্তীতে ব্যাপক কোণঠাসা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজিকে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্য়াচ আয়োজনের বিষয়েও নিষেধাজ্ঞার কথা উঠে এসেছিল। যদিও পরবর্তীতে আরসিবি নিজেদের মাঠেই হোমম্য়াচ করার সুযোগ পায়।

তবে অতীতকে ভোলেনি ফ্র্য়াঞ্চাইজি। তাই বাড়তি সতর্কতা হিসেবে এই মরশুমে কোনও বিজয় শোভাযাত্রা করার সিদ্ধান্ত থেকে পিছপা হয়েছে দল। নিজেদের সোশ্য়াল মিডিয়ায় বিবৃতিতে আরসিবির তরফে জানানো হয়েছে, ‘কী অসাধারণ এক রাত। কী অবিশ্বাস্য অনুভূতি! আরসিবির প্রতিটি সদস্যকে অভিনন্দন। এটি আপনাদের জয়। উদযাপন শুরু হলেও, আসুন আমরা দায়িত্বশীল থাকি। উদযাপনের সেরা উপায় হল প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। স্মৃতিগুলো আবার উপভোগ করুন ও ঘরে বসেই এই বিশেষ মুহূর্তকে উপভোগ করুন। আগামী বছর স্টেডিয়ামে আবার দেখা হবে, টুয়েলভথ ম্যান আর্মি। ততদিন পর্যন্ত আনন্দ ছড়িয়ে দিন ও আমাদের সমর্থন করে যান।’

অর্থাৎ এই বিজ্ঞপ্তির মধ্যে দিয়েই আরসিবি ফ্র্যাঞ্চাইজি একট বিষয় পরিষ্কার করে দিয়েছে যে তারা কোনও অনভিপ্রেত ঘটনা আর ঘটুক এমনটা চায় না। বাড়তি সতর্কতা হিসেবেই এবার তাই এই বিজয় শোভাযাত্রা থেকে পিছপা হেঁটেছে তারা। ২০২৫ সালে পাঞ্জাব কিংসকে হারিয়ে খেতাব জিতেছিল আরসিবি। আর এবার ফাইনালে গুজরাত টাইটান্সকে হারিয়ে দেয় রজত পাতিদারের দল।

(Feed Source: abplive.com)