গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…

 

Yogi Adityanath on Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হবে কি? মুসলিম সমাজ থেকেও উঠছে দাবি। কী বললেন যোগী আদিত্যনাথ?

গোহত্যা থেকে গোমাংস বিক্রি, প্রকাশ্যে গোমাংস খাওয়া নিয়ে বহুবিধ নিষেধাজ্ঞা রয়েছে রাজ্যগুলিতে। ইদে গোমাংস খাওয়া নিয়েও রাজনৈতিক তরজা অব্যাহত।

সেই আবহেই মুসলিম সমাজের একাংশের তরফে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তোলা হয়েছে। মৌলবি, ইমামরাও গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার দাবি তুলেছেন।

সেই নিয়ে এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজনৌরে আয়োজিত একটি অনুষ্ঠানমঞ্চ থেকে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি নিয়ে প্রতিক্রিয়া জানালেন।

ওই মঞ্চে দাঁড়িয়ে যোগী বলেন, “একটা জিনিস দেখছি। মৌলবি-মৌলানারা এখন বলছেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করো। আবে…গো হামারি মাতা হ্যায়, জন্ম-জন্মান্তর কা নাতা হ্য়ায়।”

যোগী আরও বলেন, “মা এবং ছেলের মধ্যে কিছু ঘোষণার প্রয়োজন আছে কি? মাকে সম্মান করার কথা কি বলে দিতে হয় ছেলেকে? এটা আমাদের সংস্কার। মায়ের প্রতি যে শ্রদ্ধা আমাদের, গোমাতাকেও তেমন মা মনে করি।”

যোগীর কথায়, “গরু পশু নয়, তোমাদের বুদ্ধি পশুর মতো, যে কারণে আমাদের গোমাতাকে পশু বলছো তোমরা। তোমাদের চিন্তা-ভাবনাই পশুর মতো। তাই গোমাতাকে পশু বলছো।” যোগীর মন্তব্যে হাততালিতে ফেটে পড়ে চারিদিক।

মুসলিমদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তোলেন যোগী। তাঁকে বলতে শোনা যায়, “তোমাদের এই দ্বিচারিতা, একদিকে গোহত্যাকে প্রশ্রয় দাও। বকরি ইদে দেখছিলাম, ওদের চ্যালারা সোশ্যাল মিডিয়ায় গোমাতার ছবি দেখিয়ে অভিনন্দন জানাচ্ছিল। উত্তরপ্রদেশে গোহত্যার পরিণাম জানো তো! জানলে বোঝাও ওদের। নয়ত কয়েক প্রজন্ম ফল মনে রাখবে।”

সেখানেই থামেননি যোগী। তাঁকে বলতে শোনা যায়, “গোমাতাকে জাতীয় পশু করতে বলছে, আরে গোমাতা তো ঘোষিত রাষ্ট্রমাতা। কাউকে রাষ্ট্রমাতা ঘোষণা করতে হবে না। আমাদের মা, গঙ্গা মায়ের যেমন পরিচিতির দরকার নেই, তেমনই স্বতঃস্ফূর্ত ভাবে ঘোষিত। আমাদের সংস্কার এটাই। যেমন গঙ্গাকে মা মনে করি, গোমাতাও আমাদের কাছে তেমনই।”

তবে শুধু মুসলিম সমাজ থেকেই নয়, এর আগে, গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি শোনা গিয়েছে বিজেপি-র অন্দর থেকেও। বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিশোরী লাল মীনা সেই নিয়ে সরব ছিলেন। ২০২১ সালে রাজ্যসভায় সেই দাবিও তোলেন তিনি। বর্তমান রাজস্থানের মন্ত্রী তিনি।

২০২৩ সালে বিজেপি সাংসদ ভাগীরথ চৌধরিও সরকারের জবাব চেয়েছিলেন। জানতে চেয়েছিলেন, গরুকে জাতীয় পশু করার দাবি নিয়ে কী ভাবছে সরকার। তিনিও গরুকে জাতীয় পশু ঘোষণার পক্ষে ছিলেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী তিনি। যদিও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন, আপাতত সেই নিয়ে কিছু ভাবছে না কেন্দ্র।

(Feed Source: abplive.com)