
Special Menu By Gorumara: তীব্র গরমে গরুমারা জঙ্গলের ২৬টি জন্য কুনকি হাতির জন্য বিশেষ মেনু ব্যবস্থা করল বনদফতর
তপ্ত জ্যৈষ্ঠে এনাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট! ছোট শাবক থেকে বড় হাতি…সবাইকে ‘কুল’ রাখার মিশনে গরুমারা। তপ্ত গরমে হাতিদের ‘কুল’ রাখার বিশেষ বন্দোবস্ত গরুমারায়, নজির গড়ল বন দফতরজ্যৈষ্ঠের প্রখর দাবদাহে যখন নাজেহাল উত্তরবঙ্গের মানুষ, তখন একই সঙ্গে প্রকৃতির অন্যতম বুদ্ধিমান প্রাণী হাতিদের স্বাস্থ্যের দিকেও নজর দিচ্ছে বন দফতর।
গরুমারা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ কুনকি হাতিদের জন্য চালু করেছে বিশেষ গ্রীষ্মকালীন পরিচর্যা ব্যবস্থার। পার্কের পর্যটন ও বন দফতরের কাজে ব্যবহৃত ২৬টি কুনকি হাতি এবং একটি শাবকের জন্য নেওয়া হয়েছে একাধিক সুরক্ষামূলক পদক্ষেপ।
অতিরিক্ত গরমে যাতে শরীরে জলের ঘাটতি না হয়, সেজন্য নিয়মিত ওআরএস, গ্লুকোজ এবং পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া হচ্ছে। খাদ্যতালিকায় রাখা হয়েছে তরমুজ, শসা, লাউ ও পাকা কলার মতো জলসমৃদ্ধ ফল ও সবজি। রোজকার খাদ্যাভাসের সঙ্গে হাতিদের দৈনন্দিন রুটিনেও আনা হয়েছে পরিবর্তন। দুপুরের তীব্র রোদে তাদের দিয়ে কোনও ভারী কাজ করানো হচ্ছে না। জল টানা বা পাহারার মতো কাজ সীমাবদ্ধ রাখা হয়েছে সকাল ও বিকেলের অপেক্ষাকৃত শীতল সময়ে। প্রতিদিন দু’বার নদী বা জলাশয়ে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ স্নান করানো হচ্ছে, যাতে তারা কিছুটা স্বস্তি পায়।
বিশেষ নজর রাখা হচ্ছে ছোট শাবকটির ওপরও। পশু চিকিৎসকদের পরামর্শে তার জন্য আলাদা খাদ্য ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালানো হচ্ছে। পাশাপাশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হাতিদের শরীরের তাপমাত্রা, শারীরিক অবস্থা ও পায়ের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
বন দফতরের এক আধিকারিকের কথায়, “প্রচণ্ড গরমে হাতিদের সুস্থ রাখা অত্যন্ত জরুরি। তাই কাজের পর সঙ্গে সঙ্গে জল না দিয়ে আগে বিশ্রাম, তারপর ধীরে ধীরে জল দেওয়া হচ্ছে।” এই মানবিক উদ্যোগে এখন গরুমারার কুনকি হাতিরা রয়েছে সুস্থ চনমনে…এমনটাই দাবি বন দফতরের। আগামী দিনেও আবহাওয়া অনুযায়ী এই পরিচর্যা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
(Feed Source: news18.com)
