শুধু নেতৃত্বই নয়, টি-টোয়েন্টি জাতীয় দল থেকেও কি ছাঁটাইয়ের পথে সূর্যকুমার?

শুধু নেতৃত্বই নয়, টি-টোয়েন্টি জাতীয় দল থেকেও কি ছাঁটাইয়ের পথে সূর্যকুমার?

 

মুম্বই: আশঙ্কাই হয়ত সত্যি হতে চলেছে। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি ফর্ম্য়াটের (T20 Format) নেতৃত্বভার হারাতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এটা মোটামুটি নিশ্চিত। এমনকী দল থেকেও হয়ত নিজের জায়গা হারাতে পারেন সূর্য। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী মুম্বইয়ে বৈঠকে বসবেন। সেখানেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগামী জুলাইয়ে হতে চলা টি-টােয়েন্টি সিরিজ ও সেপ্টেম্বরে হতে চলা এশিয়ান গেমসের জন্য দল বেছে নেবেন নির্বাচকরা। আর যতদূর খবর, নির্বাচকমণ্ডলী সূর্যকুমার যাদবকে বাদ দিয়েই দল সাজানোর পথে হাঁটবেন।

সূর্যকুমার যাদবকে নিয়ে প্রশ্ন উঠছে মূলত তাঁর ব্যাটিং ফর্ম। তাঁর নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। কিন্তু নিজের ব্য়াটিংয়ে একেবারেই মানরক্ষা করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। গত আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করেছেন। ২০.৭৬ গড়ে ১৪৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৯ ইনিংসে মাত্র ২৪২ রানই ঝুলিতে পুরতে পেরেছেন। উদ্বোধনী ম্য়াচে ৮৪ রানের ইনিংস ছাড়া বলার মত কোনও পারফরম্য়ান্স নেই। স্ট্রইক রেটও ১৪০ এর নীচে নেমে গিয়েছিল।

সূর্যকুমারের বয়সও তাঁর বিরুদ্ধে যাচ্ছে। আগামী সেপ্টেম্বর সূর্য ৩৬ পেরিয়ে যাবেন। এই পরিস্থিতিতে গত জানুয়ারিতে যে ৩০ সদস্য়ের প্রাথমিক তালিকা জমা দিয়েছিল, সেই তালিকায় স্কাইয়ের নাম ছিল না। আবার এরই মধ্যে উঠে আসছে বৈভব সূর্যবংশীর নাম। আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছে ১৫ বছরের বৈভব। এছাড়াও মোট পাঁচটি খেতাব ঝুলিতে পুরেছে। তবে বৈভবকে দলে নিয়েও একাদশে তার জায়গা হওয়াটা কঠিন। কারণ সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণরা রয়েছেন। সেক্ষেত্রে রোটেশন করে খেলানো হলে বৈভবকে খেলানোর সুযোগ তৈরি হতে পারে।

শ্রেয়স আইয়ার ও রজত পাতিদার দুজনেই ভারতীয় টি-টোয়েন্টি দলে ঢোকার যোগ্য দাবিদার হয়ে উঠেছেন। দুজনেই নেতৃত্বে সাফল্য পেয়েছেন। রজত পাতিদার তো পরপর দু’বার আইপিএল জয়ী দলের ক্য়াপ্টেন। ব্যাটার হিসেবেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন প্রয়োজনের সময়ে। আর শ্রেয়স আইয়ার চার নম্বর পজিশনে ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয় দলের অটোমেটিক চয়েস বর্তমানে। তাই তাঁরা দুজনেই ঢুকে পড়তে পারেন স্কোয়াডে।

হার্দিক পাণ্ড্যকে নিয়ে কিছুটি দ্বিধায় নির্বাচকরা। আইপিএল ভাল যায়নি প্লেয়ার ও অধিনায়ক হিসেবে। কিন্তু জাতীয় দলে এখনও গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তবে চোট আঘাত বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে বঢোদরার অলরাউন্ডারের কেরিয়ারে।

(Feed Source: abplive.com)