)
Indian Star Cricketer’s Sudden Announcemet: মাত্র ৩২ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বললেন তিনি! যাঁর সিদ্ধান্তে চমকে গেল বাইশ গজ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই নয়া চণ্ডীগড়ের মুল্লানপুরে ভারত-আফগানিস্তান সিরিজের একটি মাত্র টেস্ট (India vs Afghanistan Test 2026) শুরু হচ্ছে। মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে বল গড়ানোর কয়েক ঘণ্টা আগেই চলে এল বিরাট আপডেট। ভারতীয় দলের এক সময়ের তারকা উইকেটকিপার-ব্যাটার কেএস ভরত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন (KS Bharat Announces Retirement)। ইনস্টাগ্রামে স্লাইডের সিরিজ পোস্ট করেই বিরাট সিদ্ধান্ত জানিয়েছেন ৩২ বছরের বিশাখাপত্তনমের ক্রিকেটার।
দেশের হয়ে প্রতিনিধিত্ব করার গর্ব ও কৃতজ্ঞতা ফুটে উঠেছে তাঁর লেখায়। ভারতের হয়ে খেলাকেই জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান বলে বর্ণনা করেছেন তিনি। ভরতের মতে ক্রিকেটীয় যাত্রায় খেলার চ্যালেঞ্জ এবং স্থিতিস্থাপকতাই তাঁকে গড়েছে। ক্রমাগত সমর্থনের জন্য পরিবারকেও ধন্যবাদ জানিয়েছেন। ভরত লিখলেন, ‘গর্বিত হৃদয়ে কৃতজ্ঞতার সঙ্গেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলাম। দেশের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমার এই যাত্রায় প্রচুর মানসিক দৃঢ়তা ও শক্তির প্রয়োজন হয়েছে, তবে টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সম্মান প্রতিটি মুহূর্তের পরিশ্রমকে সার্থক করে তুলেছিল। চার সদস্যের পরিবারে আমরা সবাই দুই দশকেরও বেশি সময় ধরে একই স্বপ্ন লালন করেছি। আমার বোন, মা ও বাবাকে অসংখ্য ধন্যবাদ এমন পরিবেশ ও সহায়তার জন্য। আমি তাঁদের ভালোবাসা, শৃঙ্খলাবোধ ও কঠোর পরিশ্রমেরই ফসল।’
কৃতজ্ঞতায় বিসিসিআই থেকে গ্রাউন্ড স্টাফরাও
পুরো কেরিয়ার জুড়ে সমর্থনের জন্য ভরত বিসিসিআইয়ের সঙ্গেই কোচ, ম্যানেজার এবং ক্রিকেট প্রশাসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছোটবেলা থেকে উৎসাহ জোগানোর জন্য তিনি অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিশাখাপত্তনম ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি নিজের যাত্রায় গ্রাউন্ড স্টাফ ও সতীর্থদের অবদানের কথাও স্বীকার করতে ভোলেননি ভরত। প্রাক্তন ক্রিকেটারের সংযোজন, ‘বিসিসিআই এবং আমার কেরিয়ারে যেসব কোচ ও ম্যানেজারের সংস্পর্শে এসেছি, যাঁরা সর্বোচ্চ পর্যায়ে খেলার ও ভালো করার মতো চমৎকার পরিবেশ তৈরি করে নিঃশর্ত ভাবে আমাকে সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। ছোটবেলা থেকে সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন, ভিডিসিএ এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। সেই সব গ্রাউন্ডসম্যানের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই, যাঁরা সবসময় আমাকে সেরা পিচ ও মাঠের সুবিধা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করেছেন। আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাই সেই সব মুহূর্ত ও অর্জনের জন্য যা আমার কেরিয়ারে সহায়তা করেছে। আপনাদের ছাড়া আমার স্বপ্ন পূরণ করা এবং এত বছর ধরে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভবই হত না’
দ্রাবিড় থেকে বিরাট হয়ে রোহিতের কথা
বিরাট কোহলির প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন ভরত। কোহলির নেতৃত্বেই ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে তাঁর অভিষেক হয়েছিল। কোহলি ছাড়াও রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের কথাও বলেছেন তিনি। ভরত আরও বলেন, ‘ বিরাট কোহলিকে অসংখ্য ধন্যবাদ, তাঁর নেতৃত্বেই আমার আইপিএল অভিষেক। যিনি আমাকে আমার দক্ষতা প্রদর্শনের এবং পরিচিতি লাভের সুযোগ করে দিয়েছিলেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকেও অনেক ধন্যবাদ। তাঁর অধীনেই আমি টেস্ট অভিষেক করেছিলাম। সেই মুহূর্তটি ছিল অমূল্য এবং ভাষায় প্রকাশ করার মতো নয়। ভারতের কোচ রাহুল দ্রাবিড় স্যারকেও ধন্যবাদ জানাই। ‘ইন্ডিয়া এ’ দল থেকে শুরু করে মূল ভারতীয় দলে আসা পর্যন্ত তাঁর নির্দেশনা আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। আপনার সমর্থনের কারণেই আমি ভারতের টেস্ট ক্রিকেটার হতে পেরেছি।’
ভরতের কেরিয়ারের ঝলক
অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার ৭ টেস্ট খেলেই আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন। তিনি ২০.০৯-এর গড়ে মোট ২২১ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ছিল ৪৪ রানের। উইকেটরক্ষক হিসেবে এই ৭ টেস্টে ২১টি ক্যাচ নিয়েছেন এবং একটি স্টাম্পিং করেছেন। আইপিএলে ভারত ৮ ম্যাচ খেলে ৩৮.২০ গড় ও ১২২.৪৩ স্ট্রাইক রেটে মোট ১৯১ রান করেছিলেন। ২০২২ সালের আইপিএল মৌরসুমে ভরত দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছিলেন এবং তাতে তিনি কেবল আট রানই করতে পেরেছিলেন।
(Feed Source: zeenews.com)
