এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল ‘UPI Circle’

এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল ‘UPI Circle’

  • NPCI চালু করল ‘UPI Circle’ টিনেজারদের ডিজিটাল পকেট মানি দিতে।
  • বাবা-মা পিন শেয়ার না করে সন্তানদের পেমেন্টের সুযোগ দেবেন।
  • ম্যানুয়াল/অটোমেটিক অনুমোদনে খরচের সীমা নির্ধারণে নিয়ন্ত্রণ থাকবে।

UPI New Feature For Teen : অহেতুক খরচে ‘হাত পাকাচ্ছে’ সন্তানরা। চাইলেও ছেলে-মেয়ের খরচ নিয়ন্ত্রণ করতে পারছেন না বাবা-মা। এবার অভিভাবকদের এই চিন্তা থেকে মুক্তি দিচ্ছে NCPI । আনা হয়েছে UPI Circle ফিচার। এবার আপনার বাড়ির ছোট সদস্য বা টিনেজারদেরও দেওয়া যাবে ডিজিটাল পকেট মানি (Digital Pocket Money)। সবথেকে বড় বিষয়, এর পুরোটাই থাকবে আপনার নিয়ন্ত্রণে।

কী নতুন ফিচার এনেছে NPCI
সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) নিয়ে এসেছে একটি দুর্দান্ত ফিচার। এর নাম ‘UPI Circle’। এর মাধ্যমে এখন বাবা-মায়েরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিন (UPI PIN) শেয়ার না করেই সন্তানদের ডিজিটাল পেমেন্ট করার সুযোগ দিতে পারবেন। পেটিএম (Paytm) ইতিমধ্যেই এই প্রযুক্তির ওপর ভিত্তি করে ‘Pocket Money’ নামে একটি বিশেষ ফিচার চালু করেছে।

কী এই UPI Circle ?
আসলে এটি একটি ‘ডেলিগেটেড পেমেন্ট’ ব্যবস্থা, যেখানে একজন মূল অ্যাকাউন্ট হোল্ডার (যেমন বাবা বা মা) তাঁর অ্যাকাউন্টের সঙ্গে অন্য কোনও নির্ভরযোগ্য সদস্যকে (যেমন সন্তান বা জীবনসঙ্গী) সেকেন্ডারি ইউজার হিসেবে যুক্ত করতে পারেন। এর জন্য কোনও পাসওয়ার্ড বা ব্যাঙ্ক ডিটেলস শেয়ার করার প্রয়োজন নেই।

কীভাবে কাজ করবে এই ব্যবস্থা ?
বাবা-মায়েরা মূলত দুটি উপায়ে সন্তানদের এই পেমেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন:

ম্যানুয়াল অ্যাপ্রুভাল মোড: আপনার সন্তান কোনও দোকানে বা অনলাইনে পেমেন্ট করতে গেলে, প্রতিবার আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে। আপনি সম্মতি  দিলে তবেই টাকা কাটবে।

অটোমেটিক অ্যাপ্রুভাল মোড : আপনি একটি নির্দিষ্ট খরচের সীমা বা লিমিট (যেমন মাসে ১,০০০ টাকা বা প্রতি ট্রানজ্যাকশনে ২০০ টাকা) সেট করে দিতে পারেন। সেই লিমিটের মধ্যে সন্তান স্বাধীনভাবে পেমেন্ট করতে পারবে, যার জন্য প্রতিবার আপনার অনুমতির প্রয়োজন হবে না।

বাবা-মায়েদের জন্য স্বস্তি
আজকালকার ছেলেমেয়েরা অনলাইন ফুড ডেলিভারি, যাতায়াত, পড়াশোনার সামগ্রী বা গেমিং সাবস্ক্রিপশনের জন্য প্রায়ই অনলাইন পেমেন্ট ব্যবহার করে। আগে বারবার টাকা ট্রান্সফার করা বা নিজের ফোনটি সন্তানের হাতে দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ ছিল। UPI Circle সেই সমস্যার সমাধান করে দিল।

এক নজরে UPI Circle-এর সুবিধা:
১ রিয়েল-টাইম ট্র্যাকিং: সন্তান কোথায়, কত টাকা খরচ করছে তা লাইভ দেখা যাবে।

২ খরচের সীমা নির্ধারণ: মাসিক বা দৈনিক খরচের লিমিট সেট করা সম্ভব।

৩ অ্যাকাউন্ট ছাড়াই UPI: এর জন্য অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নিজস্ব কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন নেই।

৪ অ্যাক্সেস বন্ধের সুবিধা: বাবা-মা চাইলে যেকোনও সময় এই সুবিধা সাময়িকভাবে বা স্থায়ীভাবে বন্ধ (Revoke) করে দিতে পারেন।

(Feed Source: abplive.com)