গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!

গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!

 

কলকাতা: গ্রেফতার স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। তোলাবাজি এবং শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়েছে, ‘বিশ্বাস ব্রাদার্স’-দের একজনকে। আর স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর থেকেই, ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। কার্যত প্যানডোরার বক্স খুলে গিয়েছে, একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। স্বরূপ বিশ্বাসকে ইতিমধ্যেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর এবার, স্বরূপ বিশ্বাসকে গ্রেফতারের পরেই, ফেডারেশনের ৪ সদস্য়কে তলব করা হল। এই ফেডারেশনেই সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস।

ফেডারেশনের ৪ সদস্যকে তলব 

সূত্রের খবর, নিউ আলিপুর থানায় তলব ফেডারেশনের ৪ সদস্য়কে তলব করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, এই ৪ জনের নাম। স্বরূপের বিরুদ্ধে কাজ পাইয়ে দেওয়ার নামে প্রায় ২২ লক্ষ তোলাবাজির অভিযোগ করা হয়েছে। স্বরূপ বিশ্বাস গ্রেফতার করার পরেই, ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিরা মুখ খুলেছেন, স্বরূপ বিশ্বাসকে নিয়ে। কেউ বলেছেন, কীভাবে তাঁদের কাজ করতে দেওয়া হয়নি। কেউ আবার বলেছেন, প্রতিবাদ করলে ইন্ডাস্ট্রিতে ঠিক কী কী ফল হতে পারত? কেড়ে নিয়ে হত কাজ, কার্যত একঘরে করে রাখা হত। 

স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই রুদ্রনীলের প্রতিক্রিয়া

স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই, রুদ্রনীল ঘোষ বলেছিলেন, ‘যা হয়, ধর্মের কল বাতাসে নড়ে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ও নির্দেশে এই ২ ‘বিশ্বাস ব্রাদার্স’, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস টলিউডকে কলুষিত করেছিল.. ফেডারেশনের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারে সম্পূর্ণ অবৈধভাবে বসে, যেভাবে, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান্স, আর্টিস্ট সবার মধ্যে সম্পর্ক খারাপ করিয়েছিল, তা সবার জানা। সারা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে যে নিয়ম নেই, মনগড়া সেইসব ধরণের নিয়ম তৈরি করে, প্রযোজকদের ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে বাধ্য করেছেন। বহু প্রযোজক চলে গিয়েছেন। বাইরে থেকে আর প্রযোজকেরা এখানে শ্যুটিং করতে আসেন না। তাঁর নিয়ম যদি কোনও টেকনিশিয়ান্স, কোনও প্রযোজক, কোনও শিল্পী না মানতেন.. তাকে এক ঘরে করে দাও, কাজ কেড়ে নাও। এটাই ছিল তাঁদের নিয়ম নীতি।’

স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই ঋত্বিকের প্রতিক্রিয়া

এদিন ঋত্বিক স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, ‘তারা যখনই কিছু করতেন সেখানে লিখতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করেছেন। স্বস্তির নিঃশ্বাস্ত বটেই, কারণ ভয়ের পরিবেশ একটা তো ছিল বটেই। এবং তার সাথেই ছিল থ্রেট কালচার। আমি মনে করি, স্বরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই অনুপ্রাণিত হয়েই করেছেন। কারণ ওঁরা তো সব জায়গাতেই লিখতেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়..’ আমার বিশ্বাস ওঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া কিছুই করতেন না।’

(Feed Source: abplive.com)