PoK-তে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল পাকিস্তানি সেনার হেলিকপ্টার, আগুনে ভস্মীভূত সব, বাঁচলেন না কেউ

PoK-তে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল পাকিস্তানি সেনার হেলিকপ্টার, আগুনে ভস্মীভূত সব, বাঁচলেন না কেউ

 

নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে বড় দুর্ঘটনা। পাকিস্তানি সেনার হেলিকপ্টার ভেঙে পড়ল সেখানে। যান্ত্রিক গোলযোগের জেরেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। হেলিকপ্টারে সওয়ার একজনও বেঁচে নেই। (Helicopter Crash in PoK)

বুধবার পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে এই দুর্ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে পাকিস্তান সেনার Mi-17 হেলিকপ্টার। উড়ানের সময়ই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক গোলযোগের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভেঙে পড়ে বলে খবর। (PoK Helicopter Crash)

পাকিস্তান সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘Mi-17 হেলিকপ্টারটি মুজফ্ফরাবাদের কাছে ভেঙে পড়ে। কপ্টারে সওয়ার সকলে শহিদ হয়েছেন’। তবে ঠিক কতজন সওয়ার ছিলেন কপ্টারে, তা খোলসা করা হয়নি। 

দুর্ঘটনার পর পরই উদ্ধারকার্য শুরু হয় সেখানে। কী করে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। চিফ অফ ডিফেন্স ফোর্সেস অ্যান্ড চিফ অফ আর্মি স্টাফ, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং শীর্ষ সেনা আধিকারিকরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন সকলে।

ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে তীব্র শব্দে বিস্ফোরণ শোনা গিয়েছে। কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছোঁয়ার উপক্রম হয়। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখতে জড়ো হন বহু মানুষ।

এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গিলগিট-বাল্টিস্তানে পাকিস্তান সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে পাঁচ সেনাকর্মী মারা যান। সেই বছরই অগাস্ট মাসে খাইবার পাখতুনখোয়ায় সরকারি হেলিকপ্টার ভেঙে পড়ে দুই পাইলট এবং তিন কর্মী মারা যান। তবে বুধবারের ঘটনা ভয়ঙ্কর। পাকিস্তানের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনা এটি।