)
Mohun Bagan: এবার প্রিমিয়র লিগের তারকাকে তুলে চমকে দিল মোহনবাগান। টম অলড্রেডের বিদায়ের দিনেই ২ বছরের চুক্তিতে দলে এসেছেন ‘জেনারেল’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অল্পের জন্য এবার আইএসএল (ISL 2025-2026) হাতছাড়া হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant)। তবে নতুন মরসুমে নয়া উদ্যমে শুরু করতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব এবার বসনিয়া ও হারজেগোভিনার হয়ে উয়েফা নেশনস লিগ খেলা তারকাকে তুলে নিল। দু’বছরের চুক্তিতে সই করলেন ৬ ফুটের ডিফেন্সিভ মিডফিল্ডার সামীর জেলজোকোভিচ (Samir Zeljkovic)।
সদ্যসমাপ্ত আইএসএলে পঞ্জাব এফসি-র জার্সিতে দুর্দান্ত ফুটবল খেলেছেন সমির। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিয়ো হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সামীর। মোহনবাগান মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারকা সমৃদ্ধ বাগানে তাঁকে নেওয়ার অন্যতম কারণই হল তাঁর দ্বৈত ভূমিকায় সমানতালে খেলার অভিজ্ঞতা। ২৮ বছর বয়সী সামীর হঠাৎ হঠাৎ উঠে গিয়ে আক্রমণ ভাগকে সাহায্য করতেও সিদ্ধহস্ত। বসনিয়ান প্রিমিয়র লিগ হোক বা সার্বিয়ান সুপার লিগা, যখনই খেলেছেন, তখনই তিনি গোল করেছেন এবং করিয়েছেন। সদ্য সমাপ্ত জাতীয় লিগেও জোড়া গোল করার পাশাপাশি তিন গোলে বলও বাড়িয়েছেন সামীর।
এমবিএসজি মিডিয়াকে সামীর জানিয়েছেন, ‘ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছি। আইএসএলে যুবভারতীতে বিপক্ষ দলের জার্সি পরে খেলতে নেমে দেখেছি, ক্লাবের প্রতি মোহনবাগান সদস্য সমর্থকদের উন্মাদনা ও ভালবাসা। এরকম একটা ঐতিহ্যশালী ও শতাব্দী প্রাচীন ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত ও রোমাঞ্চিত। সবুজ মেরুনের সমর্থকরা আমার খেলা দেখেছেন। মোহনবাগান দেশের সেরা ক্লাব। সেই সফল দলের সতীর্থদের সঙ্গে যখন নামব তখন আরও ভাল খেলব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি চ্যাম্পিয়ন হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে কলকাতায় খেলতে আসছি। আইএসএল তো বটেই সব ট্রফি জিততে চাই।’
সামীরের আসার দিনেই চলে গেলেন অলড্রেড। দু’বছর মোহনবাগানের হয়ে সার্ভিস দিয়েছেন ইংরেজ ডিফেন্ডার। আইএসএল শিল্ড ও আইএসএল কাপ জিতেছেন। ডুরান্ড কাপ ও আইএফএ শিল্ডও জিতেছেন। দেখা যাক সমীর এবার কী ফুল ফোটাতে পারেন। যদিও আপাতত ভারতীয় ফুটবলের দর্শকদেরও চোখ ফুটবল বিশ্বকাপে। ১১ জুন থেকে ফুটবলের শ্রেষ্ঠ ইভেন্ট শুরু। চলবে ৩৯ দিন।
(Feed Source: zeenews.com)
