
Siliguri News : টয়ট্রেনের বগিতে সিনেমার জাদু! উত্তরবঙ্গে শুরু ‘ডিএইচআরউমা’ ফিল্ম ফেস্টিভ্যাল, তিন দিনের সাংস্কৃতিক মহোৎসব
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্য, পাহাড়ের সৌন্দর্য এবং স্বাধীন চলচ্চিত্রের সৃজনশীলতাকে একসূত্রে বেঁধে শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে আনুষ্ঠানিকভাবে সূচনা হল ডিএইচআরউমা (DHRUMA) ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর। ডিএইচআর সামার ফেস্টিভ্যালের অন্যতম প্রধান আকর্ষণ এই উৎসব আগামী তিন দিন ধরে শিলিগুড়ি ও কার্শিয়াং জুড়ে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, তাঁর সহধর্মিণী, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসব আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যটন ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত প্রকাশ করেন।
এই উৎসবের মূল আকর্ষণ শুধুমাত্র চলচ্চিত্র নয়, বরং তার অভিনব উপস্থাপনা। উদ্বোধনের পর থেকেই কার্শিয়াংয়ে শুরু হয়েছে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনী। দর্শকরা একদিকে যেমন স্টেশন চত্বরে অবস্থিত ক্যাফেতে সিনেমা উপভোগ করছেন, তেমনি অন্যদিকে ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয়ট্রেনের কোচের ভিতরেও চলচ্চিত্র প্রদর্শনের ব্যতিক্রমী অভিজ্ঞতার সাক্ষী হচ্ছেন। ফলে পাহাড়, রেল এবং সিনেমা একসঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ।
দেশ-বিদেশ থেকে জমা পড়া অসংখ্য চলচ্চিত্রের মধ্য থেকে বাছাই করে সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবিগুলিকে এই উৎসবে স্থান দেওয়া হয়েছে। আয়োজকদের লক্ষ্য, উত্তরবঙ্গের সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য এবং সৃজনশীল প্রতিভাকে বৃহত্তর দর্শকমহলের সামনে তুলে ধরা। একই সঙ্গে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।
আগামী রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই তিন দিনের চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমী, পর্যটক এবং সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের বুকে এমন অভিনব উদ্যোগ ভবিষ্যতে আরও বড় সাংস্কৃতিক আন্দোলনের পথ খুলে দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
(Feed Source: news18.com)
