)
Mithun Chakraborty’s Daughter Dishani Gets Engaged: ডিসেম্বরেই মহাগুরুর ঘরে সানাই! বিদেশি প্রেমিকের সঙ্গে রূপকথার বাগদান সারলেন দিশানি চক্রবর্তী। সাদা পোশাকে এনগেজমেন্ট রিং ফ্লন্ট করে ভাইরাল দিশানি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে দেখতে জীবনের পঁচিশটা বসন্ত পার মিঠুনকন্যা দিশানি চক্রবর্তীর। বর্তমানে লস অ্যাঞ্জলসই তাঁর ঠিকানা। লস অ্যাঞ্জেলেসের ‘নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি’ থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করা দিশানী যে খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন তা নিয়ে প্রায়শই কথা শোনা যায়। তবে এবার দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যানজারিসের (Myles Mantzaris) সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের রূপকথার মতো আংটি বদলের ছবি সামনে এসেছে। শোনা যাচ্ছে, আগামী ৬ ডিসেম্বর বসতে চলেছে বিয়ের আসর। সোমবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আংটি বদল ও প্রোপোজালের বেশ কিছু রোমান্টিক ছবি শেয়ার করেছেন দিশানি। সমুদ্র সৈকতে হাঁটু গেড়ে বসে দিশানিকে বিয়ের প্রস্তাব দেন মাইলস। সেই বিশেষ মুহূর্তের ছবি ক্যাপশনে দিশানি লিখেছেন, “০৬.১২.২০২৬— আমার জানা সবচেয়ে সহজ ‘ফরএভার”। চলতি বছরের ৬ ডিসেম্বরেই যে তাঁরা সাতপাকে বাঁধা পড়ছেন, তা এই পোস্টেই স্পষ্ট।
সাদা রঙের করসেট ড্রেসে দেখা গিয়েছে মিঠুন কন্যাকে, যেখানে তিনি হাসিমুখে তাঁর এনগেজমেন্ট রিং ফ্লন্ট করছেন। অন্যদিকে, মাইলসের পরনে ছিল একটি ডার্ক কালারের বোতাম দেওয়া টি-শার্ট এবং ধূসর রঙের ট্রাউজার্স। দিশানির এই পোস্টে মাইলস নিজেও রি-শেয়ার করে ভালোবাসা ব্যক্ত করেছেন। রূপালি পর্দার আড়ালে থাকা এই তারকা-কন্যার জীবনের এমন খুশির খবরে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
পেশাগত জীবনে দিশানি ও মাইলস
মিঠুন-কন্যা দিশানি চক্রবর্তী গ্ল্যামার দুনিয়ায় নিজের পায়ের মাটি শক্ত করছেন। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি জনপ্রিয় শর্ট ফিল্মে অভিনয় করেছেন, যার মধ্যে ‘দ্য গেস্ট’, ‘টু ফেসড’ এবং ‘ফ্রুট বোল’ অন্যতম। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু প্রজেক্টে লেখক এবং প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। অন্যদিকে, তাঁর হবু স্বামী মাইলস ম্যানজারিস পেশায় একজন কালারিস্ট।
প্রসঙ্গত, দিশানি হলেন মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালির দত্তক কন্যা। মিঠুন ও যোগিতার চার সন্তান— মিমো, উশমে, নামাশি এবং একমাত্র মেয়ে দিশানি। বহু বছর আগে কলকাতার এক রাস্তার ধার থেকে এক সদ্যজাত কন্যাসন্তানকে উদ্ধার করে পুলিস ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তৎকালীন সময়ে আইনি জটিলতা ও নানা সামাজিক বাধা সত্ত্বেও পিছপা হননি অভিনেতা। স্ত্রী যোগিতার পূর্ণ সমর্থনে সমস্ত আইনি লড়াই জিতে সেই শিশুকন্যাকে দত্তক নেন তিনি।
(Feed Source: zeenews.com)
