)
‘মা হিন্দু, বাবা মুসলিম, সৎ বাবা খ্রিষ্টান’, নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে মুখ খুললেন জিনাত আমান। মায়ের দেওয়া হিন্দু নাম ‘ললিতেশ্বরী’! ধর্ম নিয়ে অকপট স্বীকারোক্তি বলিউড সুন্দরী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাত ও আটের দশকে বলিউড ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল এক নায়িকা, জিনাত আমান। স্টাইল স্টেটমেন্ট থেকে সিনেমা বাছাই প্রচলিত ভাবমূর্তিকে আমূল বদলে দিয়েছিলেন তিনি। শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও তার পথচলা তাৎপর্যপূর্ণ। তাঁকে ঘিরে বেশ কিছু তথ্যও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে কৌতুহলের শেষ নেই। কিংবদন্তি এই অভিনেত্রীর দুটি নাম।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে জিনাত জানান, অধিকাংশ মানুষ তাঁর আরেকটি নাম সম্পর্কে জানেন না। অভিনেত্রীর কথায়, ‘বাবার দিক থেকে আমার নাম জিনাত আমান, কিন্তু মায়ের দেওয়া নাম ললিতেশ্বরী। বাবা আমানুল্লাহ খান ছিলেন একজন মুসলিম, আমার মা বর্ধিনী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ হিন্দু মহিলা। তবে এই নামটির কথা এতদিন খুব কম মানুষই জানতেন।
বাবা-মায়ের দাম্পত্যের টানাপোড়েন এবং পরবর্তী বিচ্ছেদের সাক্ষী হয়েই বড় হয়েছেন জিনাত। মাত্র পাঁচ বছর বয়স থেকেই তিনি মায়ের সঙ্গেই থাকতেন। বাবা ছিলেন মুসলিম, মা হিন্দু। ফলে দুই ভিন্ন সংস্কৃতির আবহেই কেটেছে তাঁর শৈশব। নির্দিষ্ট ধর্মের মধ্যে নিজেকে বেঁধে রাখেননি কোনোদিন। অভিনেত্রী বলেন, ‘আমি ধার্মিক নই। কারণ, আমি সবকিছু খুব কাছ থেকে দেখেছি। আমার মা ছিলেন হিন্দু, বাবা মুসলিম এবং আমার সন্তানদের বাবাও মুসলিম। আমি একটি ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছি এবং আমার সৎ বাবা ছিলেন জার্মান। তাই ছোট থেকেই আমি নানা রকমের জীবনযাপন ও সংস্কৃতি দেখে বড় হয়েছি।’
জিনাত আমানের মতে, কোনো ধর্মই খারাপ কিছু শেখায় না। তাই কোনো নির্দিষ্ট আচার-অনুষ্ঠান পালনের চেয়ে মানুষের প্রতি ভালোবাসা, দয়া, পশুপাখির যত্ন নেওয়া এবং মানবতাকেই তিনি নিজের আসল ধর্ম বলে মনে করেন।
(Feed Source: zeenews.com)
