)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও মরক্কোর স্টার নুসেইর মেজরাউয়ির ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ার ইচ্ছার কথা জানিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। বিশ্বকাপের মাঝেই তাঁর এই মন্তব্য বিশ্বফুটবল ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল বিশ্বকাপ এগারো নম্বর দিনে পা দিয়ে ফেলল। কাপযুদ্ধের মধ্যেই এবার খবরে মরক্কোর ডিফেন্ডার নুসেইর মেজরাউয়ি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ২৮ বছরের ফুটবলার এমন কথা বলেছেন, যা চমকে দিয়েছে ফুটবলবিশ্বকে। খেলা ছেড়ে তিনি ধর্মকর্মেই পুরোপুরি মন দিতে চান! নুসেইর হতে চান মসজিদের ইমাম। তাঁর লক্ষ্য হল সম্পূর্ণ কোরআন মুখস্থ করা! খেলা ছেড়ে সম্পূর্ণ আলাদা জীবনই বেছে নিতে চেয়েছেন। গত মার্চে এক সাক্ষাত্কারে এমনই বলেছেন। বিশ্বকাপের আবহে আবারও চর্চায় উঠে এসেছে।
নুসেইর বলেছেন, ‘বিশ্বকাপের পর আমি হয়তো অবসরের সিদ্ধান্ত নেব। জীবন তো ছোট। আমি কোরআন মুখস্থ করতে চাই এবং একদিন মসজিদের ইমাম হতে চাই’। কোরআন সম্পূর্ণ মুখস্থ করাকে ‘হিফজ’ বলে এর জন্য প্রয়োজন বছরের পর বছরের নিষ্ঠা ও নিবিড় অধ্যবসায়। অন্যদিকে একজন ইমামের ভূমিকার মধ্যে কেবল ধর্মীয় শাস্ত্রের গভীর জ্ঞানই নয়, বরং আধ্যাত্মিক নেতৃত্ব ও সম্প্রদায়ের সেবার বিষয়টিও অন্তর্ভুক্ত। আশরাফ হাকিমিরা এখন বিশ্বকাপে। ফলে নুসেইরের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। তবে এই ফুটবলার এখনও অবসরের কোনও সুনির্দিষ্ট তারিখ নিশ্চিত করেননি। ফলে টুর্নামেন্টের পরেও তাঁর ফুটবল চালিয়ে যাওয়ার সম্ভাবনা খোলা থাকছে। তবে তিনি যদি এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন, তবে আধুনিক মানদণ্ড অনুযায়ী বেশ কম বয়সেই নুসেইর বিদায় জানাবেন ফুটবলকে। এমন এক সম্পূর্ণ ভিন্ন পথে পা বাড়াবেন, যা তাঁকে আন্তর্জাতিক আঙিনা থেকে পরিচিতি এনে দেওয়া ক্ষেত্র থেকে একেবারেই আলাদা।
মরক্কো এখনও পর্যন্ত ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট তুলে গ্রুপ ‘সি’-র শীর্ষে রয়েছে। তাদের পারফরম্যান্স এখনও পর্যন্ত নজরকাড়া ও আক্রমণাত্মক। প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করার পরই তারা ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ হারিয়ে দিয়েছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে মরক্কো তাদের ফুটবল ইতিহাসে অভাবনীয় রূপকথা তৈরি করেছিল। বিশ্বের প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার অবিস্মরণীয় গৌরব অর্জন করেছিল। বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন ও পর্তুগালের মতো দলকে হারিয়ে চমকে দিয়েছিল। তবে শেষ চারে ফ্রান্সের কাছে ২-০ হেরে হাকিমিদের স্বপ্নের দৌড় থেমে যায়। দেখা যাক এবার মরক্কো কী করতে পারে!
(Feed Source: zeenews.com)
