
Malda News: মালদহ শহরের মহানন্দাপল্লির বাসিন্দা ময়ূখ আক্রমণি করোনেশন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি অঙ্ক তাঁর প্রিয় বিষয়, আর ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর। তবে তাঁর সবচেয়ে বড় নেশা বিভিন্ন ধরনের খেলনা গাড়ি সংগ্রহ করা।
যে বয়সে অধিকাংশ শিশু খেলাধুলা আর পড়াশোনায় ব্যস্ত থাকে, সেই বয়সেই অভিনব সংগ্রহশালা গড়ে তুলে সকলের নজর কেড়েছে মালদহের আট বছরের খুদে ময়ূখ পাল। সম্প্রতি মালদহ নিউমিসম্যাটিক অ্যান্ড কালেক্টরস ফোরামের উদ্যোগে জেলা পরিষদ অতিথি নিবাসে আয়োজিত হয় তিন দিনব্যাপী শখের মেলা। যেখানে ঐতিহাসিক ও দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনীতে প্রথমবার অংশগ্রহণ করেই দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয় ময়ূখ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদহ শহরের মহানন্দাপল্লির বাসিন্দা ময়ূখ আক্রমণি করোনেশন প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি অঙ্ক তাঁর প্রিয় বিষয়, আর ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর। তবে তাঁর সবচেয়ে বড় নেশা বিভিন্ন ধরনের খেলনা গাড়ি সংগ্রহ করা।
মাত্র চার বছর বয়স থেকে শুরু হওয়া এই শখ আজ বিশাল সংগ্রহে পরিণত হয়েছে। বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে প্রায় ৫,০০০টি খেলনা গাড়ি। আধুনিক কার, বাইক, স্কুটার, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, জেসিবি, অটো, টোটো, ট্রাক্টর, ক্রেন, জিপ, মিক্সিং ট্রাক-সহ নানা ধরনের মডেল রয়েছে তাঁর সংগ্রহে। দুবাই, ভুটান-সহ দেশের মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, শিলিগুড়ি, কলকাতা এবং মালদহের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে এই গাড়িগুলি। তাঁর সংগ্রহে ১,৫০০, ১,২০০ এবং ৮৫০ টাকা মূল্যের বিরল খেলনা গাড়িও রয়েছে।
ময়ূখের এই আগ্রহে সবসময় পাশে রয়েছেন তাঁর বাবা উত্তম পাল, যিনি পেশায় ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী। ছোটবেলা থেকেই তিনিও সংগ্রহের নেশায় মগ্ন। তাঁর সংগ্রহে রয়েছে ১২ হাজারেরও বেশি চাবির রিং। বাবা-ছেলের একটাই নীতি সংগ্রহ করা, বিক্রি নয়।
আয়োজকদের মতে, হারিয়ে যাওয়া অতীত ও সংগ্রহের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। আর সেই মঞ্চেই নিজের অনন্য সংগ্রহ দিয়ে সকলকে মুগ্ধ করে মালদহের খুদে ময়ূখ হয়ে উঠেছে প্রদর্শনীর অন্যতম আকর্ষণ।
(Feed Source: news18.com)
